২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মুসলমান সম্প্রদায় পালন করতে যাচ্ছে ব্রিটিশ উপনিবেশিকদের বিরুদ্ধে যুদ্ধের দেড়শ’ বছর পূর্তি

ব্রিটিশ উপনিবেশিকদের শাসনের বিরুদ্ধে ১৮৫৭ সালের বিপ্লবের দেড়শত বর্ষপূর্তি উপলক্ষ্যে ভারতীয় মুসলমান সম্প্রদায়ের অবদানকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 11:36 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এ প্রসঙ্গে সর্বভারতীয় মিলি কাউন্সিলের মহাসচিব ও দিল্লীভিত্তিক ইন্সটিটিউট অব অবজেকটিভ স্টাডিজ -এর চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম বলেন, ভারতীয় স্বাধীনতার সর্ব প্রথম যুদ্ধের ১৫০ বছর পূর্তিতে অন্যান্য সম্প্রদায়ের মত ভারতের মুসলিম সম্প্রদায়ের যুদ্ধগাঁথার কথা সবাইকে জানাতে চাই।

তিনি আরও বলেন, এই উদযাপনের মধ্য দিয়ে ১৮৫৭ সালে ব্রিটিশ শাসক, জোরপূর্বক ধর্ম পরিবর্তন এবং ভাষাগত পার্থক্যের বিরুদ্ধে আমাদের পূর্ব পুরুষদের বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিতে চাই।

১৮৫৭ সালের ১০ মে মিরাটের সিপাহী বিপ্লবের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবের সূচনা, যা পরবর্তীতে উত্তর প্রদেশ, বাংলা, উড়িস্যা, বিহার, মধ্য প্রদেশ, তৎকালীন ঢাকা ও চট্টগ্রাম, দিল্লী, এমনকি পেশওয়ারে (বর্তমানে পাকিস্তানে) ছড়িয়ে পড়ে। ২০০৭ সালের মে মাসে এ উপলক্ষ্যে ‘রোল অব মুসলিমস ইন ফ্রিডম স্ট্রাগল ফ্রম ১৮৫৭ টু ১৯৪৭’ নামক একটি সাত খণ্ডের বইও প্রকাশ করা হবে, যেখানে ভারতের বিভিন্ন স্থানের বর্ণনা রাখা হবে। দিল্লী বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, পাটনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রখ্যাত সব ইতিহাসবিদদের রচিত বইটি চেন্নাই, পাটনা, কলকাতা, আলিগড় এবং লক্ষেèৗ-এ প্রকাশ করা হবে। এর সাথে পরিকল্পনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা বের করা হবে। উত্তর প্রদেশের মিরাট থেকে শোভাযাত্রা শুরু  হবে। একই যাত্রা বের করা হবে দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম ভারত থেকেও, যা নয়া দিল্লীতে গিয়ে শেষ হবে। নয়া দিল্লী ১৮৫৭ সালের বিপ্লবের একটি মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। শুধু বই প্রকাশ নয়, এর ওপর নির্মাণ করা হবে তথ্য চিত্র। হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের তরুণ প্রজন্মের অনেকেই ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের স্ব স্ব সম্প্রদায়ের অবদান সম্পর্কে অবহিত নয়। তাছাড়া মুসলমান সম্প্রদায় ভারতের স্বাধীনতায় যষ্টে অবদান রাখলেও তাদের এ অবদানকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। যার ফলে তাদের মধ্যে এক ধরণের সংকোচ তৈরি করেছে।

সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ী একটি মন্তব্যে উদ্বুদ্ধ হয়েই তারা এই উৎসবের আয়োজন করতে যাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেন আলম। ২০০৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে তিনি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে এ উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশিকদের বিরুদ্ধে প্রথম যুদ্ধের দেড়শ বছর উদযাপন করতে পারে বলে মন্তব্য করেন। তার সে ধারণা থেকেই এ ধরণের উদযাপনের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেন আলম।