বেনাপোলের অচলাবস্থা নিরসনে ধর্মঘটী-কাস্টমস বৈঠক শুরু
বেনাপোল স্থল বন্দরের অচলাবস্থা নিরসনে শনিবার বিকেলে বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের বৈঠক শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে ১২ দফা দাবিতে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ পাঁচটি সংগঠন লাগাতার ধর্মঘট শুরু করে। এরই প্রেক্ষিতে কাস্টমস কমিশনার আতিকুর রহমান খান শনিবার নেতৃবৃন্দকে আলোচনায় বসতে অনুরোধ জানান।
এদিকে, শনিবার দুপুরে বিডিআর কর্তৃপক্ষের সাথে ভারতের বনগাঁ মটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বনগাঁ সীমান্ত পরিবহন মালিক সমিতির এক ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে বিডিআর আটককৃত ভারতের চারটি ট্রাকের মধ্যে তিনটি ফেরত দেওয়ার আশ্বাস দিলে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে। তবে বেনাপোলের ধর্মঘটীদের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে।
বেনাপোলের ধর্মঘটীদের পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, দাবি মানা না হলে তাদের আন্দোলন আরও বিস্তৃত হবে।
তারা সকল বন্দর দিয়ে ভারতীয় পণ্য প্রবেশ বন্ধ করে দেবেন বলেও হুমকি দিয়েছেন।
