২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৪ বিদেশী আটক

রাজধানীর কাকরাইল এলাকায় ধর্মীয় বই বিতরণকালে বুধবার বিকেলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ চার বিদেশি নাগরিককে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আটককৃতদের তিনজন চীনা নাগরিক এবং অপর একজন চীনা বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক বলে জানা গেছে। চীনা তিনজন হচ্ছে, ওয়াংলার গিওয়ান (৩২), ত্যাং কং সুং (৫০) ও লাও কিন ইয়েই (৪০)। চীনা বংশোদ্ভূত কানাডিয়ানের নাম তং সুই সিং ভিনসেন্ট (৩০)। এদের মধ্যে ওয়াংলার গিওয়ান ও লাও কিন ইয়েই নামের দুজন নারী।

পুলিশের একটি সূত্র জানায়, আটককৃতদের পল্টন থানায় রেখে পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাদের মাধ্যমে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুপুর দেড়টায় স্কাউট ভবনের সামনে থেকে বাংলা ভাষায় প্রকাশিত ‘সোজা পথ’ নামের বই বিতরণকালে পুলিশ তাদের গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (দক্ষিণ অঞ্চল) ডেপুটি কমিশনার মাহবুব আলম বিডিনিউজকে জানান, জনগণকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য তারা বিনামূল্যে ওই বই বিতরণ করছিল। কর্তব্যরত সাব ইন্সপেক্টর বলেন, বইয়ের বিষয়বস্তু সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

তারা নিজস্ব ভাষা ছাড়া অন্য কোনও ভাষায় কথা বলতে না পারায় পুলিশের অনুরোধে চীনা দূতাবাসের একজন প্রতিনিধি তাদের সনাক্ত করতে এবং তদন্তে সহায়তার জন্য থানায় আসেন।

ডেপুটি কমিশনার জানান, আটককৃতরা আটদিন আগে ঢাকায় আসে। তাদের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে। পুলিশ তাদের সাথে থাকা চারটি পাসপোর্ট আটক করেছে।

তাদের ছেড়ে দেওয়া হবে কি-না পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।