২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের রায়ে মধুমতি মডেল টাউন প্রকল্প অননুমোদিত, অবৈধ ও জনস্বার্থবিরোধী প্রমাণিত

হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ মধুমতি মডেল টাউন অননুমোদিত, অবৈধ ও জনস্বার্থ বিরোধী বলে রায় দিয়েছে। মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপারস লিমিটেড নামে একটি সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

জনস্বার্থ আইনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি এএফএম আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় প্রদান করেন।

এর আগে মেট্রো মেকার্সের একটি আবেদন হাইকোর্ট প্রত্যাখ্যান করে।

গত বছরের ১৪ আগস্ট এ প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন পেশ করা হয়। আবেদনে বলা হয়, মেট্রো মেকার্স কর্তৃপক্ষ রাজউকের নির্দেশ উপেক্ষা করে রাজধানীর উপকন্ঠে আমিন বাজারে সাব ফ্লাড ফ্লো জোনের নিম্ন এলাকায় মাটি ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করছে।

পরদিন বিচারপতি এম আব্দুল ওয়াহাব মিয়া এবং বিচারপতি জিনাত আরার ডিভিশন বেঞ্চ ওই প্রকল্পে মাটি ফেলা বা প্লট বিক্রির বিজ্ঞাপন প্রদানসহ যে কোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করে মেট্রো মেকার্সের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেন।

পরে ওই বছরই সেপ্টেম্বরের এক তারিখে বিচারপতি জয়নুল আবেদীন এবং বিচারপতি নির্মলেন্দু ধরের অপর একটি বেঞ্চ ওই নিষেধাজ্ঞা খারিজ করে দিলে বেলা ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।

বিচারপতি তাফাজ্জুল ইসলামের সভাপতিত্বে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ অক্টোবরের তিন তারিখ বেলা’র পক্ষে স্থগিতাদেশ দেয়। এবং আপিলেট ডিভিশন থেকে নিয়মিত শুনানির জন্যে মামলাটি হাইকোর্ট ডিভিশনে প্রেরণ করে।

বেলা’র পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন এবং সাবেক দুই অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ও অ্যাডভোকেট এএফ হাসান আরিফ। তাদের সহায়তা করেন অ্যাডভোকেট এস রিজওয়ানা হাসান, অ্যাডভোকেট ইকবাল কবীর এবং ব্যারিস্টার তানজিবুল আলম।

অপর দিকে মেট্রো মেকার্স এবং প্লট ক্রেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট টিএইচ খান, ব্যারিস্টার আজমালুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট মাহবুবে আলম, ব্যারিস্টার তানিয়া আমীর এবং অ্যাডভোকেট সিরাজুল হকসহ আরও কয়েকজন।

রাজউক এবং সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলি, অ্যাডভোকেট সিগমা হুদা এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান মামলা পরিচালনা করেন।