পুলিশ কর্তৃক লুট হওয়া অলংকার তাঁতীবাজারে উদ্ধার: গ্রেপ্তার আরও ৩
রাজধানীর তাঁতীবাজার থেকে পাঁচ পুলিশ কর্তৃক ২০ জুলাই লুট হওয়া ১৩ কেজি রূপার অলংকার অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার নগরীর একটি হোটেল থেকে উদ্ধার করেছে।
পুলিশ এই ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো-ট্রাক ড্রাইভার শাহাদাত হোসেন, হোটেলের ম্যানেজার রিপন এবং মোহাম্মদ জসিম।
ডিবি পুলিশের একটি দল লুট হয়ে যাওয়া অলংকারের সন্ধানে শনিবার ও রোববার নগরীর কোতোয়ালি, সূত্রাপুর, ডেমরা ও কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে তাঁতী বাজারের মুক্তা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে লুট হয়ে যাওয়া অলঙ্কার উদ্ধার করা হয়।
এর আগে ঘটনার সাথে জড়িত পাঁচ পুলিশের মধ্যে চারজনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিন দিনের রিমান্ডেও নেওয়া হয়। কিন্তু লুটের সাথে জড়িত অপর পুলিশ মোহাম্মদ রফিক এখনও পলাতক।
গ্রেপ্তারকৃত পুলিশরা হলো-কোতোয়ালি থানার এএসআই খলিলুল্লাহ (৩০), নায়েক আবদুল বারী (৩০) এবং রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল কোরবান আলী (৩২) ও সামসুজ্জামান (২৮)।
তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
