যুক্তরাজ্যে প্রবেশের আগে বাংলাদেশীদের যক্ষ্মা রোগের পরীক্ষা দিতে হবে
ব্রিটেনের প্রবেশের সময় বাংলাদেশসহ আরও পাঁচটি দেশের সফরকারীদের যারা ছয় মাসের বেশি ব্রিটেনে অবস্থান করবেন তাদের যক্ষ্মা (টিউবারকিউলোসিস) রোগের পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এ কথা জানায়।
বাংলাদেশ ছাড়া অন্য পাঁচটি দেশ হল-থাইল্যাণ্ড, কম্বোডিয়া, লাওস, তাঞ্জিনিয়া এবং সুদান।
ব্রিটিশ অভিবাসন মন্ত্রী টনি ম্যাকনাল্টি জানান, গ্রীষ্মের শেষে এই কর্মসূচি শুরু হবে এবং আরও অনেক দেশকে এই তালিকার আওতায় আনা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র উদ্ধৃতি দিয়ে শুক্রবার দ্য টেলিগ্রাফ জানায় তালিকাভুক্ত ছয়টি দেশ যক্ষার ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ।
গত ছয় মাসের মধ্যে যে সব নাগরিক ইমিগ্রেশনের জন্য আবেদন করেছে প্রাথমিক পর্যায়ে তাদেরকে এই স্কিমের আওতায় আনা হবে। আবেদনকারীদের যুক্তরাজ্য কর্তৃক অনুমোদিত ক্লিনিকে বিভিন্ন পরীক্ষার জন্য যেতে হবে।
স্বাস্থ্য পরীক্ষায় যারা যক্ষা আক্রান্ত নয় বলে প্রমাণিত হবে তাদেরকে সার্টিফিকেট দেয়া হবে। তবে একই সাথে যারা রোগটিতে আক্রান্ত প্রমাণিত হবে তাদের চিকিৎসার পরামর্শ দেয়া হবে। সুস্থ্য না হওয়া পর্যন্ত তারা ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
বর্তমানে যুক্তরাজ্যে যক্ষা ক্রমবর্ধমান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে এবং নতুনভাবে রোগটি প্রতিরোধের জন্যই নতুন এই স্কিম হাতে নেওয়া হয়েছে।
