২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জঙ্গি সন্দেহে ১১ জন আটক

রাজশাহীর পবা থানার নওহাটা পৌর এলাকা থেকে ইসলামী জঙ্গি সন্দেহে পুলিশ ১১ জনকে আটক করেছে ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 04:47 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

পবা থানা পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে বাংলা ভাইয়ের একজন সন্দেহভাজন ক্যাডারসহ ওই ১১ জঙ্গিকে আটক করা হয়। নওহাটা পৌর এলাকার পুঠিয়া পাড়ার একটি বাড়িতে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।

পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগে মামলা করেনি। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার কোর্টে চালান দিয়েছে।

আদালতে পুলিশ তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে। তবে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের কার্যক্রম চলছিল।

আটক ১১ জনের মধ্যে একজন জামালপুর, একজন চাঁপাইনবাবগঞ্জ এবং বাকিরা রাজশাহীর বাসিন্দা।

আটক ব্যক্তিরা হল-মোজাম (৪০), জহিরুল ইসলাম (২১), সিরাজুল ইসলাম (২১), মনসুর রহমান (২১), এনামুল হক (২২), বিপ্লব হোসেন (২৫), শাহ ওলিউল্লাহ (২১), টুটুল (২০), আবু জাফর (২১) এবং গোলাম মোস্তফা।

আটককৃতদের মধ্যে এনামুল হক বাংলা ভাইয়ের ক্যাডার বলে জানা গেছে। সে বাংলা ভাইয়ের নির্যতনে নিহত বাগমারার ইয়াসিন চেয়ারম্যান হত্যা মামলার আসামি।