২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলনাইয়ায় লিটনের জানাযায় মানুষের ঢল, মিছিল, সড়ক অবরোধ

ফেনীর ছাগলনাইয়ায় শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রফিকুল ইসলাম পাটোয়ারী লিটনের জানাযা অনুষ্ঠিত হয়েছে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার লোকের অংশগ্রহণের মধ্য দিয়ে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

জানাযার পর এলাকাবাসী লিটন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। জানাযায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা অংশ না নেয়ায়  নিহতের আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রদল নেতা লিটন বুধবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বৃহস্পতিবার গভীর রাতে একটি অ্যাম্বুলেন্সে করে কফিনে ঢাকা লিটনের লাশ ছাগলনাইয়া উপজেলার দারোগাহাট বাজার সংলগ্ন উত্তর ছয়মারিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এসে পৌঁছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে আসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল আউয়াল বিশ্বাসের সঙ্গে লিটনের সহপাঠিরা । সকাল সোয়া নয়টায় বাড়ির কাছে ছাগলনাইয়া-শুভপুর সড়কে লিটনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ড. বিশ্বাস বক্তব্য রাখেন। তিনি বলেন, লিটন ছিল একজন মেধাবী ছাত্র। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী আজ শোকাহত। তিনি এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর এলাকাবাসীরা লিটনের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করে।

লিটনের বন্ধুরা জানায়, পরীক্ষার পরপরই সিলেট যুব একাডেমী নামে একটি এনজিওতে লিটনের যোগ দেবার কথা ছিল। তারা বলেন, যাদের নির্দেশে লিটনকে হত্যা করা হয়েছে তারাই আবার প্রকৃত ঘটনা আড়াল করতে সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছে।