২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ ও পঞ্চগড়ে ২ জনের মৃত্যুদণ্ড

নওগাঁ জেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যামামলায় এক জনের এবং পঞ্চগড়ে  স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

রোববার নওগাঁর অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার জেলার বদলগাছী উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা হাশেম রেজা চৌধুরী টগর হত্যার অভিযোগে ডা. নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড ও অপর ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্তদের দশ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, কেশাইল গ্রামের একটি দীঘির দখল নিয়ে ডা. নুরুল ইসলাম ও আসামিরা সাবেক চেয়ারম্যান হাশেম রেজার লোকজনের সঙ্গে ১৯৯৪ সালের ৩ জুন সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে ডা. নুরুল গুলি চালালে হাশেম রেজা ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে নিহতের ভাই হাসান আলী বাদি হয়ে বাদলগাছী থানায় মামলা দায়ের করেন।

এদিকে, পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. রশিদুল হাসান পাটোয়ারী রোববার স্ত্রী আরজিনা বেগমকে হত্যার দায়ে স্বামী আবুল কালামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে ১৯৯৯ সালের ৩০ জুন আবুল কালাম জোরপূর্বক তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার সময় বাড়ির পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলএসডি গোডাউন সংলগ্ন এলাকায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় আরজিনার বাবা আব্দুল গাফ্ফার বাদি হয়ে আবুল কালামকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি হত্যামামলা দায়ের করেন।