বরগুনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা
বরগুনা জেলার হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ের লোকেরা চরম হতাশায় ভুগছে। জেলা ও উপজেলা পর্যায়ের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেজি প্রতি ৫-১০ টাকা বাড়লেও গ্রামের বাজারগুলোতে প্রতিটি জিনিসের দাম দেড় থেকে দ্বিগুণ বেড়েছে।
বরগুনা জেলা শহরের বিভিন্ন দোকান, কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজার ঘুরে দেখা গেছে, মোটা চাল প্রতি কেজি ১৯ টাকা, চিকন চাল ২১-২২ টাকা, মিনিকেট চাল ২৪-২৫ টাকা, মশুরি ডাল ৪৮ টাকা, রসুন ৪২ টাকা, শুকনা মরিচ ৫২ টাকা, আটা ২০-২১ টাকা, ময়দা ২০-২১ টাকা, চা পাতা ১২৪ টাকা, গুড়ো দুধ ২৭৫-২৮০ টাকা, চিনি ৩৫ টাকা, ডিমের হালি ১৮ টাকা, শসা, করলা ও ঢেঁড়শ ১২ টাকা, ফার্মের মুরগি ৮০ টাকা, দেশি মুরগি ১২৫-১৪০ টাকা, ইলিশ ২০০-৩৫০ টাকা, গরুর মাংস ১০০-১১০ টাকা, খাসির মাংস ১৫০-১৬০ টাকা, রুই ১৬০ টাকা, কাতল ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিডিনিউজকে ব্যবসায়ীরা জানায়, পণ্য সরবরাহ কম থাকায় দ্রব্যমূল্য বেড়েছে। ক্রেতাদের সাথে আলাপ করে জানা গেছে, এক শ্রেণীর পাইকারি ব্যবসায়ী পণ্য সংকটের সুযোগ নিয়ে মূল্য বাড়িয়ে দিয়েছে। এছাড়া বাজার পরিদর্শনে কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।
রিক্সাচালক আব্দুল রশিদ জানান, সারাদিন রিক্সা চালিয়ে ৫০ টাকা আয় করে মালিককে ৩০ টাকা দিয়েছে। আর বাকি ২০ টাকায় ১ কেজি চাল ছাড়া আর কিছু কেনা সম্ভব হয়নি।
