মালিবাগে বারতলা ভবনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজধানীর মালিবাগে বারতলা এপার্টমেন্টে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপরে এ অগ্নিকা-ে সাতটি মোটরযানও পুড়ে গেছে তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ, ফায়ার বিগ্রেড ও স্থানীয় সূত্র এ খবর জানিয়েছে।
দুর্ঘটনাকবলিত এপার্টমেন্ট ম্যানহাটন ভবনের কর্তব্যরত দারোয়ান মো. আইয়ুব জানান, দুপুর ১টা২৫ মিনিটে ভবনের বেইজমেন্টে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনার সূত্রপাত হয়।
সংবাদ পেয়ে ফায়ার বিগ্রেডের দশটি দল ঘটনাস্থলে পৌঁছে একযোগে চেষ্টা চালিয়ে দুপর ৩টা ৩০ মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুলিশ জানায়, ভবনের বেইজমেন্টে রক্ষিত ছয়টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
ফায়ার বিগ্রেড সূত্র জানায়, ভবনটির নিচতলার দু’টি ফটো স্টুডিওসহ আটটি দোকান এবং দ্বিতীয় তলার প্রাইম ব্যাংকের মৌচাক শাখার কার্যালয় অগ্নিকা-ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার কবলে পড়ে ভবনটির এপার্টমেন্টের বাসিন্দা ও আবাসিক হোটেলের লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
