২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে জাতিসংঘ মিশনের বাংলাদেশী সেনাদের সাথে বিদ্রোহীদের ফের সংঘর্ষ

কঙ্গোতে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের বাংলাদেশী সেনাদের ওপর সোমবার বিদ্রোহী জঙ্গিরা হামলা করলে প্রায় আট ঘন্টাব্যাপী যুদ্ধ চলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 02:27 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিদ্রোহী জঙ্গিদের মর্টার, মেশিনগান ও গ্রেনেড হামলার জবাবে প্রায় ২০০ বাংলাদেশী এবং পাকিস্তানী শান্তিরক্ষী এমআই-২৫ হেলিকপ্টারযোগে পাল্টা আক্রমণ চালিয়ে ইতুরি প্রদেশের বুনিয়ায় বিদ্রোহীদের আস্তানা গুঁড়িয়ে দেয়।

জাতিসংঘের একজন মুখপাত্র জানান, সংঘর্ষকালে জঙ্গিরা নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে।

৩০ জুন কঙ্গোর স্বাধীনতা দিবসে ব্যাপক নাশকতা সৃষ্টির জঙ্গি হুমকির কারণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে বলে কঙ্গোর জাতিসংঘ মিশনের সামরিক মুখপাত্র থিয়েরি প্রভেনডিয়ার জানান।

তিনি জানান, আট ঘন্টা যুদ্ধের পর জঙ্গিরা পশ্চাদপসরণ করে। কঙ্গোতে জাতিসংঘ মিশনের মুখপাত্র কামাল সাইকি বলেন, যুদ্ধে বিদ্রোহীদের হতাহতের সংখ্যা তাৎক্ষণিক নিরূপণ করা না গেলেও শান্তিরক্ষীরা যথাসম্ভব কম ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টা করেছে।

১৯৯৯ সালে ইতুরি প্রদেশে জাতিগত দাঙ্গায় পঞ্চাশ হাজারের অধিক মানুষ মারা যায়। বর্তমানে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১৬,০০০ সেনা মোতায়েন রয়েছে, যা জাতিসংঘ মিশনের সর্ববৃহৎ সেনাদল।

গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সেনারা প্রায় ১৫,০০০ বিদ্রোহী জঙ্গিকে নিরস্ত্র করেছে।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এ বছর ১২ জন শান্তিরক্ষী ও প্রায় ৭৫ জন জঙ্গি প্রাণ হারায়।