কর্ণফুলী তৃতীয় সেতুর নির্মাণে তহবিলের যোগান হয়েছে, টেন্ডার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র মন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু চার লেইন বিশিষ্ট হবে। এরজন্যে অর্থের যোগান হয়েছে এবং সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। টেন্ডার যাচাই-বাছাই এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এর নির্মাণ কাজ শুরু হবে।
তিনি আজ জাতীয় প্রেসক্লাবে চিটাগাং ইয়ুথ ফোরাম-ঢাকা এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন প্রয়োজন। এলক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। তবে একটি মহল বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ধরনের ঘৃণ্য অপচেষ্টা রোধ করতে দেশের যুব সম্প্রদায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এমপি, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ডা. জাহাংগীর সাত্তার টিংকু, কে এ এম ফেরদৌস, আসিফ ইকবাল এবং সাধারণ সম্পাদক কমরুদ্দিন বক্তৃতা করেন।
