২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বাজারে বাংলাদেশের হস্তশিল্প, পাটজাত দ্রব্য ও গ্রীষ্মকালীন ফলের দারুণ চাহিদা

চীনের বাজারে বাংলাদেশের হস্তশিল্প, পাটজাত দ্রব্য এবং গ্রীষ্মকালীন ফলের দারুণ চাহিদা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এ ব্যাপারে চীনা ব্যবসায়ীরা জানান, বাংলাদেশী পণ্যকে চীনের বাজারে পরিচিত করে তোলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। চীনা কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) ভাইস সেক্রেটারি জেনারেল জিয়াও বোরেন বলেন, চীনের বাজারে বাংলাদেশী পণ্যকে স্বাগত জানানো হয়ে থাকে।

তিনি বলেন, অধিকাংশ চীনা জনগণের কাছে বাংলাদেশ খুব একটা পরিচিত নয়।

জিয়াও বিডিনিউজকে জানান, চীনের বাজারে বাংলাদেশের হস্তশিল্প, পাটজাত দ্রব্য এবং লেবুসহ অন্যান্য গ্রীষ্মকালীন ফলের চাহিদা রয়েছে।

সিসিপিআইটি’র ভাইস সেক্রেটারি জেনারেল বলেন, চীন আসিয়ান দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা হচ্ছে। চীন তার আশপাশের দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

ইউরোপীয় ইউনিয়নে চীনের বস্ত্র রফতানিকারক উ শিয়াং চীনে বাংলাদেশী বস্ত্রশিল্পের বাজার সম্পর্কে বলেন, বাংলাদেশের চেয়ে আসিয়ান দেশগুলো থেকে আমদানির ব্যাপারে চীনের আমদানিকারকদের আগ্রহ বেশি।

জিয়াও বিডিনিউজকে আরও জানান, সম্প্রতি কুনমিং-ঢাকার মধ্যে চালু হওয়া বিমান যোগাযোগ দুদেশের মধ্যকার বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।

তিনি বলেন, কুনমিং দক্ষিণ এশীয় দেশগুলোকে চীনের সাথে সম্পর্কিত করেছে। একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য কুনমিং লাওস, মায়ানমার, ভারত এবং বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে চীনের সম্পর্ক আরও সুদৃঢ় করে তুলছে।

এ প্রসঙ্গে তিনি ঐতিহাসিক সিল্ক রোডের কথা উল্লেখ করেন।

সোমবার থেকে শুরু হওয়া কুনমিংয়ের আমদানি ও রফতানি মেলার আয়োজক জিয়াও বলেন, এবার গত বছরের তুলনায় দক্ষিণ এশীয় বুথের সংখ্যা বেড়েছে, এতে করে চীনের কাছে এ অঞ্চলের গুরুত্বই প্রকাশ পায়।

মেলায় বাংলাদেশ মোট ১০টি স্টলে তৈরি পোশাক প্রদর্শন করবে।