দেশে ৪ লাখ অবৈধ অস্ত্র, ব্যবহারকারী ৬ লাখ
বাংলাদেশে বর্তমানে মাত্র ২৫ হাজার বৈধ আগ্নেয়াস্ত্রের বিপরীতে প্রায় চার লাখ অবৈধ অস্ত্র রয়েছে। আর অবৈধ অস্ত্র ব্যবহারকারীর সংখ্যা প্রায় ছয় লাখ।
বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাডাররা এসব অস্ত্র ব্যবহার করে। এছাড়াও ১২৪টি অপরাধী চক্র এসব অস্ত্র ব্যবহার করছে। দেশে অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের প্রায় ৪০ শতাংশই ১৮ বছরের কম বয়সী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়েছে।
জাতিসংঘ ক্ষুদ্র অস্ত্র সম্মেলন উপলক্ষ্যে বাংলাদেশ নেটওয়ার্ক অন স্মল আর্মস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশীপ সেন্টার (বিডিপিসি), নারী ও মানবাধিকার ফাউন্ডেশন (নামাফ), ভয়েস বাংলাদেশ এবং বাংলাদেশ কোয়ালিশন ফর চাইল্ড রাইটস (বিসিসিআর) সংবাদ সম্মেলনটির আয়োজন করে।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বিডিপিসি’র পরিচালক শরীফ এ. কাফী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহমেদ স্বপন মাহমুদ, লীনা জাম্বিল, নাদিরা ইসলাম, আবুল বাশার, আব্দুল মতিন প্রমুখ।
আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত জাতিসংঘে ক্ষুদ্র অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে অনুষ্ঠেয় দ্বিবার্ষিক সভা উপলক্ষে এসব সংগঠনের পক্ষ থেকে দেড় মাসব্যাপি প্রচারণা কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, ২০০১ সালে জাতিসংঘে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বব্যাপী ক্ষুদ্র অস্ত্রের অবৈধ ব্যবসা প্রতিরোধ ও সম্পূর্ণ বন্ধে কর্মসূচি গৃহিত হয়। এ কর্মসূচিতে এরইমধ্যে বিশ্বের প্রায় ৪১টি দেশ স্বাক্ষর ও অনুমোদন এবং অন্য আরও ৩২টি দেশ স্বাক্ষর করেছে। কিন্তু বাংলাদেশ এখনও এতে স্বাক্ষর করেনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র ছাড়া দেশে মাত্র ২৫ হাজার লাইসেন্সকৃত বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাডার ও অপরাধী চক্রের হাতে প্রায় চার লাখ অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। প্রতিটি অস্ত্র একাধিক ব্যক্তির ব্যবহারের সুযোগ থাকায় বর্তমানে দেশে অস্ত্র ব্যবহারকারীর সংখ্যা প্রায় ছয় লাখ।
দেশের উখিয়া, নাইক্ষ্যংছড়ি, রামু, মহেশখালিতে আধুনিক অস্ত্রের বাজার গড়ে উঠেছে। এসব এলাকা বিভিন্ন দেশের অস্ত্র চোরাচারলানীদের চোরাচালান রুট হিসেবে ব্যবহার হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের ভেতরে ৬০টিরও বেশি অস্ত্র তৈরির লেদ কারখানা আবিস্কৃত হয়েছে।
এছাড়াও দেশের সিলেট, কক্সবাজার ও চট্টগ্রাম এলাকায় বিপজ্জনক বহিরাগত সন্ত্রাসী গ্রুপের ঘাঁটি গড়ে উঠেছে। এগুলোর নেতৃত্ব দেয় রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন (আরএনও)।
সংবাদ সম্মেলনের আয়োজকরা জাতিসংঘ আগ্নেয়াস্ত্র প্রটোকল স্বাক্ষর ও অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
