দেশে এখন প্রায় সাড়ে সাত হাজার এইচআইভি আক্রান্ত রোগি
বাংলাদেশে এখন প্রায় সাড়ে সাত হাজার এইচআইভি আক্রান্ত রোগি আছে বলে আশংকা করা হচ্ছে। এইচআইভি শনাক্ত করার কাজে নিয়োজিত সরকারের একটি প্রকল্পের সর্বশেষ প্রতিবেদনে এ আশংকার কথা বলা হয়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ তথ্য জানায়।
বিসিসিপি ‘স্কয়ার গ্রুপের’ সহায়তায় এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বিশেষ প্রচারণা অভিযান শুরু করছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিসিসিপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শাহজাহান। এছাড়া স্কয়ার গ্রুপের নির্বাহী পরিচালক আশিকুল হক চৌধুরী, বিসিসিপি’র উর্ধ্বতন উপ-পরিচালক ইয়াসমিন খান, মিডিয়াকমের নির্বাহী পরিচালক মিসেস সারওয়াত আহমেদ, সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও হাসান আবিদুর রেজা জুয়েল।
এতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে জাতীয় এইডস/এসটিডি প্রকল্পের (এনএএসপি) সর্বশেষ প্রতিবেদনে বংলাদেশে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার ব্যক্তি এইচআইভি আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে।
১৯৮১ সালে এইচআইভি আবিস্কারের পর ২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারিভাবে এর সংখ্যা মাত্র ৪৬৫ জন বলা হয়। সারা বিশ্বে এখন এইডস রোগির সংখ্যা প্রায় তিন কোটি। আফ্রিকায় এইডস রোগের প্রকোপ সবচেয়ে বেশী।
মোহাম্মদ শাহজাহান জানান, ২৯ মে বিকেলে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘এক্সপ্রেস ২০০৫’ নামে এ প্রচারাভিযান শুরু হবে। এছাড়াও ১৫ জুন চট্টগ্রামে, ১৮ জুন খুলনায় এবং ২১ জুন রাজশাহীতে একই ধরণের অনুষ্ঠান আয়োজন করা হবে।
