২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নমানের ডায়গনস্টিক সেন্টারের কারণে প্রকৃত উদ্যোক্তাগণ নিরুৎসাহিত হচ্ছে: ড. মোশাররফ হোসেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবরেটরির কারণে সেবার মনোভাবসম্পন্ন প্রকৃত উদ্যোক্তাগণ নিরুৎসাহিত হচ্ছে। ফলে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান এন্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্ট’র ২৩তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে বেসরকারি পর্যায়ে সরকার অনুমোদিত এক হাজার ৩১১টি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টার থাকলেও এদের অনেকই যথাযথ মান বজায় রাখছে না। অনেক প্যাথলজিকাল ল্যাবরেটরিতে টেস্টের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানও নাই।

তিনি আরও বলেন, অনেক সময় চিকিৎসকগণ রোগ নিরূপনের নামে রোগীকে অপ্রয়োজনীয় টেস্ট করানোর পরামর্শ দিয়ে থাকেন। ফলে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হয়। এর ফলে সামগ্রিকভাবে চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা জনগণের আস্থা অর্জন করতে পারছে না।

দক্ষ প্যাথলজিস্ট গড়ে তোলার স্থায়ী অবকাঠামো হিসেবে শীঘ্রই ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এবং রেফারেল ল্যাবরেটরি গড়ে তোলা হবে বলে তিনি ঘোষণা দেন।

সোসাইটি অব প্যাথলজিস্টের সভাপতি মেজর জেনারেল (অব.) ডা. এ এস এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, স্বাস্থ্য সচিব এ এফ এম সরওয়ার কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ আব্দুর রহমান খান, ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি সুনিতা মুখার্জী, সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মোঃ শাহাদত হোসেন ও অধ্যাপক মোঃ ইছহাক প্রমুখ।