২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও ঝিনাইদহে গুলি বিনিময়ে ৩ জন নিহত

র‌্যাব ও পুলিশের সাথে গুলি বিনিময়ে শনিবার কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

নিহতরা হচ্ছে: হাসানুজ্জামান বাবু (৩৫), আইনুল হক তিতাস (৪৫) ও আব্দুল গনি। এদের মধ্যে বাবু কুষ্টিয়ায় এবং অপর দুজন ঝিনাইদহে নিহত হয়।

নিহতদের মধ্যে বাবু ও তিতাস বিপ্লবী কমিউনিষ্ট পার্টির (এম-এল) সদস্য এবং অপরজন ডাকাত। তবে বাবু স্থানীয় যুবদলের সাথেও জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সদস্যদের উপস্থিতি জানতে পেরে শনিবার বিকেল চারটায় তারা ঝিনাইদহ সদর উপজেলার উত্তর গৈরালা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী তিতাস ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

দুপক্ষের গুলি বিনিময়ে তিতাস গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও সাত রাউণ্ড গুলি উদ্ধার করেছে।

তিতাস প্রায় দুযুগ ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, কুষ্টিয়া সদর উপজেলার বাগডাঙ্গা গোরস্থানের কাছে পুলিশ ও র‌্যাবের সাথে ক্রসফায়ারে শুক্রবার রাতে সরকার দলীয় ও চরমপন্থী সন্ত্রাসী হাসানুজ্জামান ওরফে বাবু নিহত হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব’র কুষ্টিয়া ইউনিটের একটি দল বল্লভপুরের নিজ বাড়ি থেকে বাবুকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে সরকার দলীয় প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা ব্যাপক তদবির করে। আটকের পর র‌্যাবের কুষ্টিয়া ইউনিটে জিজ্ঞাসাবাদকালে সে তার বিশাল অস্ত্র ভাণ্ডার ও ক্যাডারদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

বাবুর স্বীকারোক্তি মোতাবেক র‌্যাব ও সদর থানা পুলিশের দুটি দল বাবুকে সঙ্গে নিয়ে অভিযানে বের হয়। দলটি বাগডাঙ্গা গোরস্থান মোড়ে পৌঁছলে বাবুকে ছাড়িয়ে নিতে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার ক্যাডার বাহিনী র‌্যাব ও পুলিশের ওপর গুলি চালায়। র‌্যাব ও পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এসময় বাবু র‌্যাব ও পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে তার মৃত্যু হয়।

পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি শার্টারগান ও বেশ কয়েক রাউণ্ড গুলি উদ্ধার করেছে।

নিহত বাবু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিল। সে আইলচরা যুবদলেরও সাধারণ সম্পাদক ছিল।

তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় দুটি হত্যা মামলাসহ বেশ কিছু মামলা ও অভিযোগ রয়েছে।

অপরদিকে, ঝিনাইদহ মাগুরা সড়কে শুক্রবার গভীর রাতে বিসিক শিল্প নগরীর কাছে ডাকাত দলের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় গনি নামে এক অভিযুক্ত ডাকাত পুলিশের হতে ধরা পড়ে। আহত গনি শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশ জানায়, রাত ২টার দিকে ওই সড়কে বাস ট্রাকে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত রাস্তার পাশে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। পুলিশের একটি টহল গাড়ি ওই ব্যারিকেডে এসে বাধার মুখে পড়ে।

এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষ প্রায় ১৫/২০ মিনিট গুলি বিনিময় করে।

এক পর্যায়ে পুলিশের ভয়ে ডাকাতরা পালিয়ে গেলেও ডাকাত দলের অভিযুক্ত সদস্য গনি গুলিবিদ্ধ হয় পুলিশের হাতে ধরা পড়ে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শনিবার দুপুরে মারা যায়।

নিহতর বাড়ি ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় বলে জানা গেছে।