২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় র‌্যাব ও পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী বাবু নিহত

কুষ্টিয়া সদর উপজেলার বাগডাঙ্গা গোরস্থানের কাছে পুলিশ ও র‌্যাবের ক্রসফায়ারে শুক্রবার রাতে সরকার দলীয় ও চরমপন্থী সন্ত্রাসী হাসানুজ্জামান ওরফে বাবু নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 04:37 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাব’র কুষ্টিয়া ইউনিটের একটি দল বল্লভপুরের নিজ বাড়ি থেকে বাবুকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে সরকার দলীয় প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা ব্যাপক তদবির করে। আটকের পর র‌্যাবের কুষ্টিয়া ইউনিটে জিজ্ঞাসাবাদকালে সে তার বিশাল অস্ত্রভাণ্ডার ও ক্যাডারদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

বাবুর স্বীকারোক্তি মোতাবেক র‌্যাব ও সদর থানা পুলিশের দুটি দল বাবুকে সঙ্গে নিয়ে অভিযানে বের হয়। দলটি বাগডাঙ্গা গোরস্থান মোড়ে পৌঁছলে বাবুকে ছাড়িয়ে নিতে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার ক্যাডার বাহিনী র‌্যাব ও পুলিশের ওপর গুলি চালায়। র‌্যাব ও পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এসময় বাবু র‌্যাব ও পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে তার মৃত্যু হয়।

পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি শার্টারগান ও বেশ কয়েক রাউণ্ড গুলি উদ্ধার করেছে।

নিহত বাবু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিল। সে আইলচরা যুবদলেরও সাধারণ সম্পাদক ছিল।

তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় দুটি হত্যা মামলাসহ বেশ কিছু মামলা ও অভিযোগ রয়েছে।