২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৪ এ বিশ্বে সন্ত্রাসী হামলায় নিহত ১৯০৭

২০০৪  সালে বিশ্বে বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে কমপক্ষে এক হাজার নয় শ সাত জন। আগের বছর এই সংখ্যা ছিলো ছয় শ’ ২৫। শুক্রবার এক রিপোর্টে এ তথ্য মিলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

গতবছর বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার ব্যাপক বৃদ্ধি ঘটে। আগের বছরের তুলনায় নিহতের সংখ্যা দাঁড়ায় তিনগুনেরও বেশি।

২০০৪ এ সন্ত্রাসী হামলায় আহত হয় ছয় হাজার সাত শ চার জন। এ ক্ষেত্রে আগের বছরের পরিসংখ্যান হচ্ছে তিন হাজার ছয় শ ৪৬।

যুক্তরাষ্ট্র সরকার এ পরিসংখ্যান প্রকাশ করেছে। গত বছর এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশের পর বিতর্কের মুখে পড়ে যুক্তরাষ্ট্র নাটকীয়ভাবে তা সংশোধনে বাধ্য হয়। সেবার রিপোর্টে বলা হয়েছিলো যে, ২০০২ এর তুলনায় ২০০৩ এ সন্ত্রাসীদের হাতে নিহতের সংখ্যা কম।

গত বছর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ৬৫১টি। এর আগের বছর এ ধরনের হামলার ঘটনা ছিলো ১৭৫টি।

রিপোর্টে বলা হয়, গতবছর বেশিরভাগ হামলার ঘটনাই ঘটে ইরাকে।

এছাড়া কাশ্মীর বিরোধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানে হামলার ঘটনাবলীকেও বড় করে দেখানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর জন ব্রেনাম বলেন, যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে এবং যতেœর সঙ্গে এ রিপোর্ট তৈরি করা হয়েছে। সন্ত্রাসী হামলা কেন এভাবে বেড়ে গেলো, তার কারন নির্নয়ে প্রাপ্ত তথ্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

দশজন মার্কিন বিশ্লেষককে দায়িত্ব দেয়া হয় ২০০৪ সালের রিপোর্ট করার জন্য, যেখানে ২০০৩ এর রিপোর্ট করার জন্য দায়িত্ব দেয়া হয়েছিলো মাত্র তিন জন পার্টটাইম কর্মীকে।

রিপোর্টে ইরাক হামলার সময়টাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ২০০৩ সালে সেখানে হামলার ঘটনা ঘটে ২২টি। ২০০৪ এ হামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০১। হামলায় নিহতের সংখ্যা ১১৭ থেকে বেড়ে দাঁড়ায় ৫৫৪।

ভারত ও পাকিস্তানে কাশ্মীর কেন্দ্রীক হামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ থেকে ২৮৪। নিহতের সংখ্যা ১১১ থেকে বেড়ে দাঁড়ায় ৪৩৪।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, আল কয়েদা এবং এর নেতা ওসামা বিন লাদেন ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের জন্য প্রাথমিক হুমকির কারন হয়ে থেকেছে।

তবে কর্মকর্তারা বলেন, আল কায়েদার সঙ্গে যুক্ত থেকে কিংবা এর দ্বারা অনুপ্রানীত হয়ে পরিচালিত সন্ত্রাসী তৎপরতা লক্ষ্যনীয়ভাবে বেড়ে গেছে। নেতৃত্ব সংকটের কারনে আল কায়েদার শক্তি হ্রাস পাওয়ায় এ ধরনের কর্মকান্ড গেছে বেড়ে।

এর উদাহরন হিসাবে সন্ত্রাসবাদের ওপর মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রথম কান্ট্রি রিপোর্টে ২০০৪ সালে মাদ্রিদে ট্রেনে বোমা হামলা এবং আলজেরীয় এক সন্ত্রাসী নেতার আল কায়েদার প্রতি আনুগত্য ঘোষণার কথা উল্লেখ করা হয়।