বিএনপি নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছাত্রদলের হামলা : কলেজের ভিপি এবং জিএসসহ আহত ১০
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ চৌধুরীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে সোমবার রাত নয়টায় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এতে মাধবদী কলেজ সংসদের ভিপি জিএসসহ ১০ ব্যক্তি আহত হয়েছে।
স্থানীয় ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের হিসাবে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
সূত্র জানায়, নরসিংদী সদর থানা ছাত্রদলের নবগঠিত কমিটি ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে কমিটির সভাপতি আলতাফ, সাধারণ সম্পাদক ওয়াসিম-এর নেতৃত্বে ১৫/১৬ জন উচ্ছৃংখল নেতাকর্মী এ হামলা চালায়। এসময় উল্লেখিত ব্যবসায়ী প্রতিষ্ঠানে উপস্থিত স্থানীয় ছাত্রদল নেতা মাধবদী কলেজ সংসদের ভিপি নাসিরউদ্দিন, জিএস সোহেব, ছাত্রদল নেতা আশরাফ, হাসিব এবং ভিপি নাসির উদ্দিনের পিতা সালু মেম্বারসহ ১০ ব্যক্তি হামলাকারীদের এলোপাথারী আক্রমন ও চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হয়। আহতদেরকে মাধবদী প্রাইম জেনারেল হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে সোহেব, আশরাফ ও হাসিবের অবস্থা আশংকাজনক।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নিন্দার ঝড় ওঠেছে।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স জানান, সম্প্রতি আলতাফ হোসেনকে সভাপতি ও ওয়াসিমকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্য বিশিষ্ট নরসিংদী সদর থানা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটি নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হলে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে রোববার নবগঠিত কমিটি ভেঙ্গে দেওয়া হয়। এরই জের ধরে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
অপরদিকে, মাধবদী শহর বিএনপির সভাপতি আমানউল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডাঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শহর যুবদল সভাপতি ও কমিশনার মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফরিদ কমিশনার এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন।
