নীলফামারী ডাকঘরে জালিয়াতির অভিযোগে কাউন্টার অপারেটর গ্রেফতার
নীলফামারী প্রধান ডাকঘরে সঞ্চয়পত্র জালিয়াতির মাধ্যমে আরো ২ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বুধবার লিয়াকত আলী নামে এক কাউন্টার অপারেটরকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় পূর্বে গ্রেফতারকৃত সহকারী পোস্টমাস্টার মীর নুরুল ইসলাম মুন্না ও কাউন্টার অপারেটর লিয়াকত আলীর বিরুদ্ধে বুধবার আরও একটি মামলা দায়ের করা হয়েছে ।
এ ডাকঘরে এখন পর্যন্ত সঞ্চয়পত্র ও সেভিংস একাউন্ট জালিয়াতির মাধ্যমে মোট তিন কোটি টাকা আত্মসাতের ঘটনা উদঘাটিত হলো।
এর আগে একাউন্ট জালিয়াতির মাধ্যমে ৫৬ লাখ ২২ হাজার টাকা আত্মসাতের ঘটনায় সহকারী পোস্টমাস্টার মুন্না ও লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজুকে গ্রেফতার করা হয়।
গত ৬ এপ্রিল পোস্টমাস্টার তোরাব উদ্দিনের প্রথম মামলাটি দায়েরের পর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলী পাঁচ দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরলেও পুলিশী তদন্ত এখনও শুরু হয়নি বলে জানা গেছে।
পুলিশের একটি সূত্র জানায়, উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনার ওপর নির্ভর করছে মামলার তদন্তের কার্যাবলী।
উল্লেখ্য, ওই মামলার অন্যতম আসামী কাউন্টার অপারেটর তসলিম উদ্দিনকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
