চিংড়ি প্রজেক্টের কর্মচারী হত্যার দায়ে কক্সবাজারে ২ ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
জেলার চকরিয়া উপজেলার বদরখালীতে এক চিংড়ি প্রজেক্টের কর্মচারিকে গুলি করে হত্যার দায়ে দু ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোতাজিদুর রহমান এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলো, বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের সৈয়দ আহমদের পুত্র আবদুল করিম ও বারবাকিয়া ইউনিয়নের পূর্ব টৈটং নাইতামুরা এলাকার কবির আহমদের পুত্র জুবাইদুল হক প্রকাশ জুবায়ের।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯০ সালের ১৮ জুলাই চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক এলাকার ১০ একর চিংড়ি প্রজেক্টে আসামীরা হানা দিয়ে প্রজেক্ট কর্মচারীদের মারধর ও গুলি বর্ষণ করে।
এসময় কর্মচারি আব্দুস ছাত্তার গুলিবিদ্ধ হয়। তাকে বদরখালী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় আলী আহমদের পুত্র আবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে।
