নাটোর, যশোর, ঝিনাইদাহ ও টাঙ্গাইলে কালবৈশাখী ঝড়ে নিহত ৮
নাটোর, যশোর, ঝিনাইদাহ ও টাঙ্গাইলের ওপর দিয়ে বয়ে যাওয়া বুধবারের কালবৈশাখী ঝড়ে মোট আট জন নিহত হয়েছে। এছাড়া বেশ কিছু ঘর বাড়ি বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে বুধবার রাতে নাটোরে নিহত পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। ঝিনাইদাহ ও যশোরে একই রাতের ঝড়ে তিনজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে এ সব তথ্য জানা গেছে।
যশোর প্রতিনিধি জানান, নিহতদের মধ্যে আছে ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার দুইজন এবং যশোরের ঝিকরগাছা উপজেলার একজন।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাতে ঝড়ের সময় কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বাস ও টেম্পুর মধ্যে মুখোমুখি সংঘর্ষে খায়রুল (২৫) নিহত এবং আরও চারজন আহত হয়। আহতদের হাসপাতালে আনা হলে ইফনুস (৪৫) নামের অপর এক ব্যক্তি মারা যায়।
এদিকে ঝিকরগাছার রঘুনাথপুরে নিহত হয় একজন মহিলা। নিহত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে বুধবারের ঝড়ে নিহতপাঁচ জন হলেন, দয়ার কাজীপুর গ্রামের জয়নাল হোসেন (২৬), তেবাড়িয়া গ্রামের সুরত আলী (৪০), কাঠালবাড়িয়ার কাশিম উদ্দিন (৫৫), মোহাম্মদ আলী (১৮) এবং কাঠুয়াগাড়ির সামসুল ইসলাম (২৮)।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের নাগরপুরে বুধবার রাতের ঘূর্ণিঝড়ে দুটি ইউনিয়নের ২৯টি গ্রামের অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
সন্ধ্যা সাতটার দিকে সালমাবাদ ও দপ্তিয়ার ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল বেগের ওই ঝড়ে গ্রামগুলোর বাড়িঘর বিধ্বস্ত হয়। গ্রামগুলোর অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
