২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ‘হ্যাণ্ডমেড’ কাগজ রপ্তানি হচ্ছে

পাট, তুলা, ঘাস ও খড় দিয়ে হাতে তৈরি কাগজ দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকি এই কাগজ এখন ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে তৈরি কাগজের মান গুনে ও মানে উন্নত। বাজার করার ব্যাগ, ফটো ফ্রেম ও বিভিন্ন শুভেচ্ছা কার্ড তৈরিতে এই কাগজ ব্যাবহার করা হয়ে থাকে। এই অঞ্চলের মহিলারাই হাতে তৈরি এ কাগজ শিল্পের সাথে জড়িত।

১৯৪০ সাল থেকে সিরাজগঞ্জে হ্যাণ্ডমেড এ কাগজ তৈরি হয়ে আসছে। শেরে বাংলা একে ফজলুল হক একবার সিরাজগঞ্জে হাতে তৈরি কাগজ শিল্প দেখতে এসেছিলেন। ১৯৪০ সালের সিরাজগঞ্জের তৈরি একটি হ্যাণ্ডমেড কাগজ লণ্ডন জাদুঘরে রক্ষিত আছে।

 ১৯৮৯ সালে কালিয়া কান্দারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ এরশাদ আলী নিজ বাড়িতে এ কাগজের উৎপাদন শুরু করেন। যারা এই কাগজ তৈরির পদ্ধতি জানতেন তাদের বেশ কয়েকজনকে তিনি এ কাজে নিয়োগ দেন। কিন্তু এরপর অর্থের অভাবে তার এই উদ্যোগ থেমে যায়। এর প্রায় ১২ বছর পর তিনি আবারও বেশ কিছু টাকা যোগাড় করে নেমে পড়েন একই কাজে।

 ২০০১ সালে সাবেক পাট সচিব এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত জেরো কোবেশি ঢাকায় ‘ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড’ উদ্বোধন করেন।

এরশাদ আলী বলেন, তার কারখানায় প্রায় ১৫০ ধরনের কাগজ হাতে তৈরি হয়ে থাকে এবং এসব কাগজ বিভিন্ন দেশে রপ্তানিও হয়ে থাকে।

বিডিনিউজ প্রতিনিধি ফরিদা ইয়াসমিন (৪৮), শাহিদা (২৮), মিনা (২৫), মাজেদা (২২), জহুরা (২৯) ও লিপিসহ (২৩) বেশ কয়েকজন নারী শ্রমিকের সাথে কথা বলেন।

নারী শ্রমিকরা জানান, তারা প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করে ২০ থেকে ২৫ টাকা পান।

 ‘কাজ করলে বেতন, না করলে নেই’- এর ভিত্তিতে তারা কাজ করে থাকেন। কম আয়ের জন্য তাদের অনেকেই অসন্তোষ ব্যক্ত করে বলেন, মালিক তাদেরকে ঠকাচ্ছে।

এই শিল্পে প্রতিদিন ২২ বাই ২৯ ইঞ্চির ৪০০টি শিট তৈরি হয়ে থাকে। কিন্তু যদি ক্রেতাদের কাছ থেকে বিশেষ কোনও অর্ডার থাকে তাহলে তাদেরকে দিন রাত কাজ করতে হয়। এরশাদ আলী ছাড়া আর সকল কর্মীই মহিলা। তার স্ত্রী ফরিদা ইয়াসমিন নারী শ্রমিকদের প্রধান।

 এরশাদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কোনও ব্যাংক, বেসরকারি সংস্থা অথবা বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প সংস্থার কাছ থেকে কোনও ধরনের আর্থিক সাহায্য পাননি। তিনি বলেন, এই কাগজ রপ্তানি করতে শুধু ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড তাকে সাহায্য করে থাকে। শ্রমিকদের কম বেতনের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে বেতন বেড়ে থাকে।

 নারী শ্রমিকদের কেন এই কাজে নেয়া হয়েছে এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, মহিলারা কাজের প্রতি মনোযোগী এবং তারা মালিকের স্বার্থের প্রতি সবসময় যতœশীল।