কালিগঞ্জে প্রথম আলো প্রতিনিধির বাসায় বোমা হামলা
জেলার কালিগঞ্জ উপজেলার বৈরাতি গ্রামে দৈনিক প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবুর বাসায় সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে বোমা হামলা চালায়।
স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীরা এ বোমা হামলা করেছে বলে বাবু অভিযোগ করেছেন। তবে ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
পুলিশ ও বাবুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, নিক্ষিপ্ত তিনটি বোমার মধ্যে একটি তাদের ঘরের বারান্দায় বিস্ফোরিত হয়। ঘটনার অবিস্ফোরিত ২টি বোমা পুলিশ উদ্ধার করে।
ঘটনা জানার পর বাবু পুলিশে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সেখান থেকে ২টি তাজা বোমা ও বিস্ফোরিত বোমার স্পিন্টার উদ্ধার করেছে।
হায়দার আলী বাবু অভিযোগ করেছেন, গত ২৬ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশের জের হিসেবে জামায়াতে ইসলামীর কর্মীরা এ হামলা চালিয়েছে।
এ খবরে বলা হয়েছিল, কালিগঞ্জ জামায়াতে ইসলামী আয়োজিত তাফসির মাহফিলে গোপালগঞ্জের ৭৬ কেজি বোমা উদ্ধার মামলার প্রধান আসামী মাওলানা এমদাদুল হক বক্তব্য রাখবেন।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি তিতাস আলম জানান, বাবুর বাসায় জামায়াতের লোকজন হামলা করতে পারে।
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, উদ্ধারকৃত বোমা দু’টি চকলেট বোমার মতো।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
