বাংলাদেশের আপত্তি সত্ত্বেও চলতি বছরের মধ্যে সীমান্তে বেড়া নির্মানের অসমাপ্ত কাজ শেষ করবে ভারত
বাংলাদেশের তীব্র আপত্তি সত্ত্বেও চলতি বছরের মধ্যে অসমাপ্ত আরও ১৩০৪ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের যৌথ উদ্যোগ নিয়েছে ভারতের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তর। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসের মধ্যেই ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমানা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের পাশাপাশি সীমান্তে পাকা সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আপত্তি তুললে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। নতুবা যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যথোপযুক্ত ব্যবস্থা বলতে কী বোঝানো হয়েছে তা বলেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্ররা।
গত এক মাসে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বেশ কয়েকবার বিএসএফ ও বিডিআর’র মধ্যে গুলি বিনিময় হয়েছে।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় পূর্ত দপ্তরের কাছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যে চিঠি দেওয়া হয় তাতে নির্দেশ দেওয়া হয় যে প্রতি মাসে সীমান্তে পাকা সড়ক নির্মাণের কাজ কতদূর অগ্রসর হচ্ছে তা কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে।
ভারত-বাংলাদেশ ২২১৬ কিলোমিটার আর্ন্তজাতিক সীমানার ৯১২ কিলোমিটার অংশে এ পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে।
