নারী সাংবাদিকদের সম্মাননা প্রদান করলো বিসিডিজেসি
বাংলাদেশে সাংবাদিকতায় নারীদের সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম এন্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) এর উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবে ‘সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০০৩’ অনুষ্ঠিত হয়।
বিসিডিজেসি’র চেয়ারম্যান নাইমুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডঃ ওসমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত নিল্স সেভরিন মুনক, বাংলাদেশ ইউএনএফপি’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুনীতা মুখার্জি এবং বাংলাদেশ সুইডিশ উন্নয়ন সংস্থা দিঅ্যাকোনিয়া’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুলতানা বেগম।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রত্র পত্রিকায় নিয়োজিত মোট ১১ জন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রাপ্তরা হলেন সাংবাদিকতায় আজীবন অবদানের জন্য সৈয়দা নুরজাহান বেগম, বাংলাদেশের প্রথম নারী সাংবাদিক রাশিদা আলিম, এছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় নিয়োজিত ফেরদৌসি আলী, কাজি আদব, সুমি খান, মৌহিদা রহমান, ফারজানা গোধুলি, আইরিন নিয়াজি মান্না, সুলতানা রহমান, শামিমা বিনতে রহমান এবং আশা মেহেরিন।
এছাড়াও নারীদের সাংবাদিকতা পেশায় উদ্বুদ্ধ করার জন্য দেশের তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং একটি জাতীয় দৈনিকের প্রধান কর্মকর্তাদের মাঝেও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী তাঁর বক্তব্যে নারী সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। তিনি আরো বলেন, সংখ্যায় কম হলেও গণমাধ্যমগুলোতে নারী সাংবাদিকরা পেশাগত কাজে সাহসিকতার পরিচয় রাখছেন।
