২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখল নিতে ভোলার একটি মাদ্রাসায় সরকার দলীয় সন্ত্রাসীদের তান্ডব

জমি দখল নেয়ার জন্যে সরকার দলীয় প্রভাবশালী এক ঠিকাদারের নেতৃত্বে এক দল সন্ত্রাসী ভোলার বোরহানউদ্দিন উপজেলার মাদ্রাসা ও মসজিদে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। শুক্রবার রাতে এ ঘটনায় আহত হয় প্রায় অর্ধশত। আহত ২০ জন মাদ্রাসা ছাত্রকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

স্থানীয় সূত্র মতে, শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে মশিউর রহমান রূপকের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল রামদা ও লাঠিসোটা নিয়ে মাদ্রাসার ঘুমন্ত দু’শত ছাত্রের ওপর হামলা চালায়। আগুনে পুড়িয়ে দেয় কোরানশরীফসহ মাদ্রাসার বহু মূল্যবান কিতাব। ভাংচুর করে আসবাবপত্র। সন্ত্রাসীদের হামলা ও আগুনের হাত থেকে রক্ষা পেতে পাশের পুকুরে ঝাঁপিয়ে আত্মরক্ষা করে অনেক মাদ্রাসা ছাত্র।

স্থানীয় ও জেলা পরিষদ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন দারুল উলুম কওমী ও কেরামতিয়া মাদ্রাসা ২০০৩ সালে জেলা পরিষদের জমি ইজার নেয়। তখন এ জমির মালিকানা দাবি করে জনৈক এনামুল হক। এনামুল হক এ বিষয়ে মামলা দায়ের করলে এ বছর জেলা পরিষদ লিজ দেওয়া বন্ধ করে দেয়। এদিকে, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে মাদ্রাসার জমিতে বোরহানউদ্দিন অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এজন্য মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে উপজেলা বিএনপি’র শনিবার সালিশে বসার কথা ছিল। কিন্তু সালিশে বসার আগের রাতেই এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার সকালে প্রভাবশালী ঠিকাদার রূপক মাদ্রাসার পুকুরে বালি ফেলতে শুরু করলে মাদ্রাসার ছাত্ররা বাধা দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন মাদ্রাসার আহত ছাত্ররা বলে, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেকে পরিকল্পিতভাবে এ হামলা করেছে। এদিকে ঠিকাদার রূপক হামলার সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করে। মাদ্রাসা কর্তৃপক্ষ এক সপ্তাহ আগে রূপকের বিরুদ্ধে ১১ ধারায় একটি মামলা করেছিল।