২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনকর্মী হিসেবে বিক্রি হওয়া বাংলাদেশী কিশোরী পশ্চিমবঙ্গে উদ্ধার

যৌনকর্মী হিসেবে বিক্রি হয়ে যাওয়া বাংলাদেশী এক কিশোরীকে পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে উদ্ধার করা হয়েছে। খুলনার ওই কিশোরী এখন নিরাপত্তা হেফাজতে রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

জমিলা খাতুন (১৫) নামের ওই মেয়েটিকে তার সৎ মা দুই হাজার রুপির বিনিময়ে বিক্রি করে দেয়। জমিলা জানায়, তার সৎ মা তাকে আন্তর্জাতিক যৌনকর্মী সরবরাহের নেতৃস্থানীয় ব্যবসায়ী রিনা পারভিনের কাছে বিক্রি করে দেয়। খুলনা জেলার দিওতলা গ্রামের রিনা পারভিন জমিলাদের প্রতিবেশী।

জমিলাকে ভারতের পতিতালয়ে বিক্রি করে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের ডিটেকটিভ ডিপার্টমেন্টট (ডিডি) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনকে বিষয়টি অবহিত করেছে।

ডিডি কার্যালয়ের এক মুখপাত্র জানান, কয়েক দিন আগে ট্রেনের যাত্রীরা জমিলাকে প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে দেখে। নিরক্ষর জমিলাকে তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সে স্বীকার করেছে, বাংলাদেশী নাগরিক হলেও তার কাছে কোনও পাসপোর্ট বা ভিসা নেই। জমিলা এখন প্রবুদ্ধ ভারতী শিশুতীর্থ নামের একটি এতিমখানায় রয়েছে। জমিলা জানিয়েছে, তার দেড় বছর বয়সের সময় তার মা মারা যায়।

তার বাবা সোহরাব হাওলাদার ঢাকায় এক জন মাদক ব্যবসায়ী। সে হাসিনা নামের এক জনকে বিয়ে করে। এর পর থেকেই জমিলা খুলনায় তার সৎমা হাসিনার সাথে থাকত। কয়েক সপ্তাহ আগে তার সৎবোন তাকে জানায়, তার সৎমা তাকে এরই মধ্যে রিনার কাছে বিক্রি করে দিয়েছে।

জমিলা রিনার সাথে যেতে না চাইলে তার মা তাকে বলেন, ‘যা, তুই সুখে থাকবি, আর এই নে মোবাইল নাম্বার, যখন ইচ্ছা হবে তখন তুই এ নাম্বারে আমাদের ফোন করিস।’ জমিলা জানায়, ভারতে আসার পরই সে সবকিছু বুঝতে পারে। অন্য আরও ১৪টি মেয়ের সাথে মুম্বাইয়ের পতিতালয়ে পাঠানোর জন্য তাকে লাইনে দাঁড় করানো হয়।

মুম্বাই নেওয়ার পথে খড়গপুরে সে ট্রেন থেকে নেমে পড়ে। কলকাতায় বাংলাদেশী দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা সবই শুনেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জমিলার দেওয়া তথ্য যাচাইয়ের ব্যাপারে অবহিতও করেছেন।

জমিলার দেওয়া তথ্য সঠিক হলে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে জমিলার দায়দায়িত্ব দূতাবাস গ্রহণ করবে। ‘আন্তর্জাতিক যৌনকর্মী সরবরাহের ব্যবসার নেতা’ রিনা পারভিনের বিশদ পরিচয় খতিয়ে দেখার জন্যও দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে।

ভারতের ডিডির এক কর্মকর্তা জানিয়েছেন, জমিলার বিক্রি হয়ে যাওয়ার এ বিষয়টি মূল ঘটনার একটা সামান্য অংশ মাত্র। প্রতিদিন গড়ে দশ থেকে বিশ জন কিশোরীকে জোর করে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাঠানো হয়ে থাকে। তিন-চারটি আন্তর্জাতিক পাচারকারী চক্র এই যৌনকর্মী ব্যবসার সাথে জড়িত রয়েছে।