ছয় মাসে পাঁচ শীর্ষ সন্ত্রাসী নিহত হওয়ায় চট্টগ্রামে স্বস্তি
গিট্টু নাছিরসহ গত ছয় মাসে পাঁচজন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী র্যাবের হাতে নিহত হওয়ার পর চট্টগ্রামে স্বস্তি ফিরে এসেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র(সিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানান।
নিহত সন্ত্রাসীরা হচ্ছে, যুবদল ক্যাডার জানে আলম, ছাত্রলীগ ক্যাডার আহমুইদ্যা ও মহিম, ছাত্রদল ক্যাডার ইকবাল এবং শিবির ক্যাডার গিট্টু নাছির।
সিএমপি সূত্র জানায়, র্যাব ও পুলিশের তালিকাভুক্ত ৬৮ জন সন্ত্রাসীর মধ্যে ২৫ জনকে মোস্ট ওয়ান্টেড হিসেবে চিহ্নিত করা হয়। এই পাঁচজন ছিল ওই তালিকার প্রথম সারিতে।
গত এক দশকে চট্টগ্রাম মহানগরীতে যতগুলো ”াঞ্চল্যকর অপরাধ সংঘটিত হয়েছে তার কোনও না কোনওটির সাথে এই পাঁচজন জড়িত ছিল।
সিএমপির সহকারী কমিশনার (গোয়েন্দা) গাজী জসিম উদ্দিন বিডিনিউজকে বলেন, এভাবে একের পর এক সন্ত্রাসীর পতনে জনগণের পাশাপাশি পুলিশের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
সিএমপি সূত্র জানায়, বর্তমানে নগরীতে বড় ধরনের অপরাধ কমলেও ছোটখাট অপরাধ অব্যাহত রয়েছে। গত ১৫ দিনে বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
র্যাব সূত্র আরও জানায়, এই মুহুর্তে র্যাবের হিট লিস্টে একজন ওয়ার্ড কমিশনারসহ ১৫ জন সন্ত্রাসীর নাম আছে। এবং চিহ্নিত অপরাধীদের ধরতে তাদের কর্মকাণ্ড বিরামহীনভাবে চলছে।
