২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুলিশ ফাঁড়িতে হামলার পর সন্দেহভাজন চরমপন্থীর লাশ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকার বামিহালে একটি পুলিশ ফাঁড়িতে নিষিদ্ধ ঘোষিত চরপন্থীদের হামলার পরদিন বৃহস্পতিবার নাটোর ও সিরাজগঞ্জের সীমান্ত এলাকা থেকে পুলিশ এক চরপন্থীর লাশ উদ্ধার করেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

পুলিশ নিহতের শরীরে পাঁচটি গুলির চিহ্ন দেখতে পায় এবং তার সাথে থাকা একটি কার্টিজ ও নগদ এক হাজার তিনশ’ ৬৫ টাকা উদ্ধার করে।

লাশটি বন্দুকযুদ্ধে নিহত কোনও চরমপন্থী সদস্যের হতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ নিয়ে বুধবারের ঘটনায় নিহতের সংখ্যা চারে দাঁড়িয়েছে।

নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) সদস্যরা বুধবার সন্ধ্যায় বামিহাল পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তিনজন আনসার সদস্যকে হত্যা করে। এ ঘটনায় আরও কয়েকজন আনসার সদস্য আহত হয়। এরপর তারা ক্যাম্পের আটটি থ্রি নট থ্রি রাইফেল, একটি এলএমজি, একটি এসএমজিসহ ১৩৯ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

নিহত আনসার সদস্যরা হলেন-- আজিজ, মোমিন এবং গফুর। হামলায় ক্যাম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর ফজলুর রহমানসহ অনেক পুলিশ ও আনসার সদস্য গুরুতর আহত হয়।

বুধবার মাগরিবের নামাজের কিছুক্ষণ পর ফাঁড়িতে হামলা করে আনসার সদস্যদের খুন ও অস্ত্র লুট শেষে সন্ত্রাসীরা ‘পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ’, সিরাজ সিকদার জিন্দাবাদ’ শ্লোগান দিতে দিতে পায়ে হেঁটে এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চরমপন্থীরা চলে যাওয়ার সময় তাদের আহত দুই সহযোগীকে তারা কাঁধে করে নিয়ে যায়।

ঘটনার পর বুধবার রাতে নাটোর পুলিশ সুপার গোলাম কিবরিয়া, নাটোর জেলা আনসার অ্যাডজুটেন্ট আবু তাহের, অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

র‌্যাব এবং নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ওসিদের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী বামিহাল, তারাশ ও শেরপুর থানায় যৌথ অভিযান চালানো হয়।

পুলিশ সন্দেহভাজন ছয় চরমপন্থীকে চিহ্নিত করেছে। তবে এখন পর্যন্ত তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে।

সন্দেহভাজন ছয় চরমপন্থী হচ্ছে, সিংড়া উপজেলার বামিহাল গ্রামের ফরিদুল ইসলাম ও আসালত মিয়া, কর্ণঘোষ গ্রামের মফিজ, মানিকচাপার গ্রামের মফিজউদ্দিন এবং তারাশ উপজেলার সিল্লট গ্রামের সহিদুর রহমান ও সাইফুল ইসলাম।

শুকাশ ইউনিয়নের মেম্বার ফরিদুল ইসলাম বলেন, চরমপন্থীরা আবারও তাদের কর্মকাণ্ডে বাধা না দেওয়ার জন্যে ইউপি সদস্যদের হুশিয়ার করে দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ তাকে আটক রেখেছে।

আনসার ব্যাটালিয়নের অপারেটর নায়েক আবদুর রউফ বলেন, ঘটনার সময় তিনি চরমপন্থীদের উপর গুলি করার চেষ্টা করেন। কিন্তু অকেজো রাইফেলের কারণে তিনি গুলি করতে ব্যর্থ হন।

তিনি বলেন, ‘ঘটনার সময় ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা এক চরমপন্থীকে আমি জাপটে ধরি এবং বেয়োনেট দিয়ে তার বুকে আঘাত করি’।

স্থানীয়রা জানায়, চলনবিলের দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি সক্রিয় রয়েছে। আতংকের মধ্যে দিন কাটায় এলাকাবাসী। কিন্তু তারপরও পুলিশ ক্যাম্পগুলো সবসমসয় অসতর্ক থাকে।

দাফনের জন্যে নিহত আনসারদের লাশ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

পুুলিশ সুপার গোলাম কিবরিয়া বিডিনিউজকে জানান, হত্যাকারীদের খুঁজে বের করতে যৌথ অভিযান চলছে।