কিশোর অপরাধের বিরুদ্ধে ব্রিটেন কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে
ব্রিটেন সরকার কিশোর অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবার কথা বিবেচনা করছে।
কিশোর অপরাধ সংঘটনের পূর্বেই তাদের প্রতি কঠোর হবার একটি পরিকল্পনা ব্রিটেনের হাতে রয়েছে।
কিশোর অপরাধীদের চলাফেরার উপর কঠোর নিয়ন্ত্রণ এবং রাতের বেলা এসব কিশোরদের জন্য কার্ফ্যু জারি করার চিন্তা-ভাবনা চলছে। রিপোর্ট স্কাই নিউজের।
আগামী মাস থেকে কিছু নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী স্কুল, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সন্দেহজনক কিশোর-কিশোরীদের সমস্যার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে।
এই নীতিমালার অধীনে অবাধ্য সন্তানের পিতামাতাকে ‘সন্তান প্রতিপালন’ সম্পর্কিত প্রশিক্ষণ নিতে হতে পারে। আর অবাধ্য কিশোর অপরাধীদের মাদকদ্রব্যের অপকারিতা ও রাগ সামলানোর উপর প্রশিক্ষণ নিতে হবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কিশোর অপরাধীদের সামাজিক আচরণের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন।
কিন্তু কনজারভেটিভ পার্টির মূখপাত্র জানিয়েছেন, ব্লেয়ারের এই ইস্যু জনপ্রিয়তা লাভ ও মনোযোগ আকর্ষণের নিছক অপচেষ্টা মাত্র।
