কক্সবাজারে কলোনিতে অগ্নিকান্ডে ৭ বসতবাড়ি পুড়ে ছাই
কক্সবাজারের ঈদগাঁও বাজার এলাকার বাঁশঘাটায় একটি কলোনিতে অগ্নিকান্ডে সোমবার সন্ধ্যায় সাতটি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার ব্রিগেড পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ঈদগাঁও বাজারের পূর্ব পাশে কমলেন্দু আচার্য মহাজনের কলোনীতে সন্ধ্যা ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আধ ঘন্টা স্থায়ী অগ্নিকান্ডে ৭টি বাসা নিমিষেই পুড়ে যায়। কোন মালামালই বাসা থেকে বের করা সম্ভব হয়নি। অগ্নিকান্ড শুরু হওয়ার পরপরই ফায়ার ব্রিগেডকে খবর দেয়া হলেও কক্সবাজার ও চকরিয়া থেকে ফায়ার ব্রিগেড পৌছতে প্রায় এক ঘন্টা লেগে যায়।
