২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম পৌরসভায় কমিশনারদের ধর্মঘট

পৌর কর্মচারিদের সাথে বিরোধের জের ধরে কুড়িগ্রাম পৌরসভার কমিশনাররা আটদিন ধরে ধর্মঘট পালন করছেন। এদিকে কমিশনারদের কার্যালয়ে তালা ঝোলার কারণে পৌরসভার নিত্যদিনের কার্যক্রম পরিচালনায় স্থবিরতা দেখা দিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

অভিযুক্ত কর্মচারিকে বরখাস্ত না করা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে-- এ মর্মে পৌর চেয়ারম্যানের কাছে ১২জন কমিশনার ইতোমধ্যে লিখিত আলটিমেটাম দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর তিন নং ওয়ার্ড কমিশনার ও প্যানেল  চেয়ারম্যান রোস্তম আলী তোতা একজন মহিলার জাতীয়তার সনদপত্র দেওয়ার জন্যে সুপারিশ করেন। কিন্তু সনদপত্র প্রদান কাজে নিয়োজিত সাধারণ শাখার অফিস সহকারী আইনুল হক সনদপত্র প্রদানে অস্বীকৃতি জানান। এ নিয়ে কমিশনারের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে কমিশনারকে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনার প্রতিবাদে সকল কমিশনার ঐক্যবদ্ধ হয়ে ওই কর্মকর্তার বরখাস্তের দাবিতে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘট আহ্বান করে।

সূত্র আরো জাসনায়, পৌর চেয়ারম্যান কোনও ব্যবস্থা গ্রহণ না করায় বর্তমানে পৌরসভার সার্বিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পৌর চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শিগগিরই সমাধানের ব্যবস্থা করা হবে।