২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার মহান বিজয় দিবস

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবান্বিত দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

দীর্ঘ নয় মাস বাঙালির মরণপণ যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। ৩০ লাখ শহীদের প্রাণ ও ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে এই দিনে অর্জিত হয়েছিল মুক্তিযুদ্ধে বিজয়ের ক্ষণটি। অভ্যুদয় হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

প্রতি বছর ১৬ ডিসেম্বর দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালি সর্বোচ্চ শ্রদ্ধায় দিনটি উদযাপন করে।

বছর ঘুরে আবার ফিরে এসেছে সেই গৌরবান্বিত দিন। সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে এসেছে এবারের বিজয় দিবস। ইসলামের নামে মৌলবাদী জঙ্গিদের নৃশংস থাবায় দেশ আজ ক্ষতবিক্ষত। তথাকথিত জেহাদের নামে বোমা মেরে নিরীহ মানুষ হত্যার বীভৎসতার মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুজ্জ্বল রাখার অঙ্গীকার নিয়ে এবারের বিজয় দিবস পালিত হতে যাচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে পূর্বঘোষিত অনুষ্ঠানমালা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। তারপরও ঢাকা ও ঢাকার বাইরে দিনটি উদযাপনে থাকছে বিভিন্ন কর্মসূচি। সরকার, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে এ সকল কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-- অফিস--আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি, আধা-সরকারি বা ব্যক্তিগত মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি ইত্যাদি।

বিজয় দিবস উপলক্ষে ক্ষমতাসীন বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে-- জাতীয় স্মৃতিসৌধে পুষ্প¯তবক অর্পণ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একাধিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ অন্যান্যবারের মত মাসব্যাপী কর্মসূচির বদলে নিরাপত্তার কারণে মাত্র দু’দিনের অনুষ্ঠানসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে, সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পার্ঘ্য অর্পণ।

এরপর বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে একটি বিজয় র‌্যালি এবং সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন মাঠে গণসঙ্গীতের আয়োজন করবে আওয়ামী লীগ। দলটি ১৭ ডিসেম্বরেও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

বিজয় দিবসের দিন মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বুদ্ধিজীবীদের সাথে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) কেন্দ্রীয় কমিটি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করবে জাতীয় পার্টি।

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।