ফেব্র“য়ারি মাসের মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে মেরামতের কাজ শেষ করার অনুরোধ
বিদ্যুৎ খাতের নির্ভরযোগ্য উৎপাদন ক্ষমতা বর্তমানে ৩,৫০০ মেগাওয়াট থেকে আগামী গ্রাষ্মে ৩,৯০০ মেগাওয়াটে নেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সোমবার বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি) সাথে এক বৈঠকে মিলিত হন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় বলে তিনি ফেব্র“য়ারি মাসের মধ্যেই সকল বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ করার অনুরোধ জানান। তিনি আইপিপি প্রতিনিধিদের অনুরোধ করে বলেন, তারা যেন এই শীত মওসুমে প্রয়োজনীয় মেরামত কাজ সেরে নেন।
বর্তমানে আইপিপি ১,২৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।
সভায় ওয়েস্টমন্ট পাওয়ার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুক প্রতিমন্ত্রীকে প্রতিশ্র“তি দিয়ে বলেন, আগামী মার্চের মধ্যে তিনি আরো ১৩৮ মেগাওয়াট নতুন বিদ্যুৎ সরবরাহ দেওয়া শুরু করবেন। একই সাথে সরকারের বিদ্যুৎ কেনার গ্যারান্টি ছাড়াই তিনি আরো কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব নজরুল ইসলাম, পিডিবি’র চেয়ারম্যান আনহ আখতার হোসেন এবং পাওয়ার সেলের মহাপরিচালক বিডি রহমতুল্লাহ।
বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের চেয়ারম্যান ও ব্যবস্থাপকদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড--এর আবদুল আজিজ খান, ওয়েস্টমন্ট (বাংলাদেশ) পাওয়ার লিমিটেড--এর চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুক, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড--এর ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম। এছাড়া এনইপিসি কনসোর্টিয়াম পাওয়ার লিমিটেড, হরিপুর পাওয়ার লিমিটেড ও মেঘনাঘাট পাওয়ার লিমিটেড--এর ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্যে সরকার ১০টি ছোট বিদ্যুৎ কেন্দ্র (এসপিপি)--এর জন্যে আগামী সপ্তাহে উন্মুক্ত টেন্ডার আহবান করবে। এগুলোর মাধ্যমে শিগগিরই ২৫০ থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
