২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমন বিদস শুক্রবার: এখনও জাতিসংঘ কনভেনশন স্বাক্ষর করেনি বাংলাদেশ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত হতে যাচ্ছে। কিন্তু আজও দুর্নীতি বিরোধী জাতিসংঘ কনভেনশন স্বাক্ষর করেনি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদ বিডিনিউজকে বলেন, বাংলাদেশ কেন এ কনভেনশনে স্বাক্ষর করেনি আইন মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীকে তার জাববদিহি করতে হবে।

তিনি বলেন, আগের বছর (২০০৪) এ দিবসটি পালনের সময় এক সেমিনারে আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, বাংলাদেশ কেন  কনভেনশনে স্বাক্ষর করেনি, তিনি এ ব্যাপারটি দেখবেন এবং স্বাক্ষর করার ব্যাপারে পদক্ষেপ নেবেন।

তিনি বলেন, তারপর থেকে এ ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিয়েছে, সে ব্যাপারে আমরা কিছুই জানি না। সরকার যদি সৎ না হয়, তাহলে এ অবস্থা ঘটবেই।

অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, তারা সরকারকে এ ব্যাপারে একের পর এক চিঠি দিয়েছেন। কিন্তু সরকার কোনও জবাব দেয়নি। তাছাড়া এ ব্যাপারে সংসদীয় স্থায়ী কমিটি কোনও পদক্ষেপ নিয়েছে বলেও আমরা শুনিনি।

আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই একটি আইন পাস করে দুর্নীতি দমন কমিশন গঠন করেছে। তাই জাতিসংঘ কনভেনশন স্বাক্ষর করার ব্যাপারে কোনও বাধা নেই।

তিনি বিডিনিউজকে বলেন, এ ব্যাপারটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঝুঁলে আছে। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্যে আমি পররাষ্ট্রমন্ত্রীকে দুই দু’বার অনুরোধ জানিয়েছি।

তবে ওআইসি সম্মেলন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এখন সৌদি আরবে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি।

২০০৫ সালে বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বাংলাদেশ পঞ্চমবারের মতো দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে। তবে এবার আফ্রিকার দেশ চাঁদও বাংলাদেশের সাথে রয়েছে।

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালনের মধ্য দিয়ে টিআইবি আবারও সরকারকে জাতিসংঘ কনভেনশন অনুসমর্থন করার আহ্বান জানাবে।

২০০৩ সালের ৯ ডিসেম্বর মেক্সিকোতে অনুষ্ঠিত এক সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরিত হওয়ায় বিশ্বব্যাপী প্রতিবছর এই দিনটিকে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস হিসেবে পালন করা হয়।

বিশ্বের ১৩৪টি দেশ ইতোমধ্যেই এ কনভেনশনে স্বাক্ষর করেছে এবং ৩০টি দেশ চলতি বছরের ১৪ ডিসেম্বর থেকে এটি বাস্তবায়নের জন্যে কনভেনশনটি অনুসমর্থন করেছে।

বাস্তবায়নের জন্যে কনভেনশন অনুসমর্থন করা ৩০টি দেশের মধ্যে সর্বশেষ রাষ্ট্র হিসেবে মাদাগাসকার এটি অনুসমর্থন করে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আইনি সহযোগিতা এবং প্রশাসনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ব্যাণিজ্য বিনিময়ে স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ কনভেনশন গৃহীত হয়।

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে টিআইবি শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের দুর্নীতি ও মানুষের নিরাপত্তাহীনতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারের পর এ দিবসের ওপর রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে। এছাড়াও দুপুর সোয়া ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুরসহ দেশের ১৮টি স্থানে একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে বলে জানান টিআইবি কর্মকর্তারা।

এছাড়াও দুর্নীতি রোধের আহ্বান জানিয়ে টিআইবি বেশ কিছু টেলিভিশন বিজ্ঞাপণ প্রচার করবে।

দিবসটি উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে ‘বিশ্বের দুর্নীতির চিত্র ২০০৫’ শীর্ষক একটি জরিপের ফল প্রকাশ করবে। এছাড়াও এ সম্মেলনে ‘আবার ভাবুন’ শিরোনামের একটি টেলিভিশন বিজ্ঞাপণ প্রচার করা করা হবে।

গ্যালাপ জরিপ ভিত্তিক এ দুর্নীতির নথিতে বিশ্বব্যাপী দুর্নীতির বিস্তারিত ও হাতাশাজনক চিত্র তুলে ধরা হবে।