রাজশাহীতে এসেছে জেএমবির ৩৯ জন আত্মঘাতি জঙ্গি, ৫ দিন ধরে পুলিশ তাদের খুঁজছে
রাজশাহীর বিভিন্ন এলাকায় জেএমবির সুইসাইড স্কোয়াডের একটি বড় দল গত ৫ দিন ধরে আত্মগোপন করে আছে।
পুলিশের বিশেষ শাখা থেকে স্থানীয় পুলিশকে জানানো হয়েছে, রাজশাহী অঞ্চলে যে কোনো মুহূর্তে বড় ধরণের নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্যই তারা এ এলাকায় এসেছে।
ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার জেলার থানাগুলোতে এইসব আত্মঘাতি জঙ্গিদের নামের তালিকা পাঠিয়ে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তবে এদের কাউকে আটক করতে না পারায় পুলিশ প্রশাসনে আতঙ্ক বিরাজ করছে। রাজশাহী জেলার পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানিয়েছে, ২৮ নভেম্বর জেএমবির সুইসাইড স্কোয়াডের দলটি রাজশাহী আসে। বিভিন্ন এলাকায় গ্রেপ্তারকৃত জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে পুলিশের বিশেষ শাখা বিষয়টি জানতে পারে। পরদিন ২৯ নভেম্বর ২৬৬৭ (৬)/২/৩ স্মারক নম্বরের এক চিঠিতে ঢাকার পুলিশের বিশেষ শাখা রাজশাহী পুলিশকে বিষয়টি অবহিত করে।
সেখানে বলা হয়, গাইবান্ধা জেলার চরেরপাড়া এলাকার এনামুল মাস্টারের পুত্র মতিন মেহেদি জেএমবির গাইবান্ধা অঞ্চলের সুইসাইড স্কোয়াডের নেতা। তার নির্দেশে জেএমবির একটি আত্মঘাতি দল বিভিন্ন অপারেশনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। গত মাসে এই দলটি চুয়াডাঙ্গায় ছিলো। সেখানে প্রশিক্ষণ শেষে তারা রাজশাহী ঢুকে ২৮ নভেম্বর। তাদের ব্যাপারে তদন্ত করে জেলা বিশেষ শাখাকে অবহিত করতে বলা হয় ওই চিঠিতে।
এতে মতিন মেহেদী ছাড়া অন্য যে ৩৮ জনের নাম রয়েছে তারা হলো খন্দকার আরিফুর রহমান, আল সামুর, ছোটন, সরফরাজ, জয়নাল, হাবিবুর রহমান, জালাল-১, কালাম, শাহীন, বিল্লাল, জালাল-২, বিপুল, ফিরোজ, তৌহিদ, অহিদুল, সুমন-১, সুমন-২, আরিফ, শাহাবুল, বাদল, শান্টু, রাজন, জিকু, রুহুল, মাসুম, সাইফুল, সাত্তার, মোহন, টুটুল, সজল, হাকিম, শফিকুল, পুলক, ইনতাজ, আরাফাত, রহিম, সান্টু ও হাজি নাজমুল। তবে এদের কারও বিস্তারিত তথ্য সেখানে নেই।
শুধুমাত্র নাম থাকার কারণে এদের গ্রেপ্তার করতে রাজশাহীর পুলিশ ব্যর্থ হচ্ছে বলে স্থানীয় পুলিশের একটি সূত্র জানিয়েছে। ওই চিঠিতে আরো বলা হয়েছে, এই ৩৯ জনের নেতা মতিন মেহেদি বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। পাঁচ বছর আগে সে একবার পুলিশের হাতে আটক হয়েছিল।
এদিকে বিশেষ শাখার এই চিঠি পাবার পর রাজশাহীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ শুক্রবার জরুরি এক আদেশে জেলার সবগুলো থানায় ওই নামের তালিকা পাঠিয়ে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন। ৫৩৮০(৯)/৩০ স্মারক নাম্বারের ওই আদেশে বলা হয়, আত্মঘাতি এসব জঙ্গি রাজশাহীর বিভিন্ন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আত্মগোপন করে রয়েছে।
