‘বিশ্ব এইডস দিবস’ পালন করেছে বেক্সিমকো ফার্মা
দেশের মানুষের মধ্যে এইচআইভি / এইডস এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেক্সিমকো ফার্মা বৃহস্পতিবার ‘বিশ্ব এইডস দিবস’ পালন করেছে।
বাংলাদেশকে এইডস মুক্ত রাখার অঙ্গীকার এর অংশ হিসেবে দেশের এইডস প্রতিরোধক উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা সরকার পরিচালিত ন্যাশনাল এইডস / এসটিডি প্রোগ্রাম (এনএএসপি) আয়োজিত এক প্রদর্শনীতে অংশ নেয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত প্রদর্শনীটি স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন উদ্বোধন করেন।
বেক্সিমকো ফার্মার একজন কর্মকর্তা বলেন, দেশের মানুষের মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশে যে এখন এইডস প্রতিরোধক ওষুধ উৎপাদন হচ্ছে তা জানাতেই বেক্সিমকো এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
তিনি বলেন, বেক্সিমকো ফার্মা এখন এইডস প্রতিরোধক এভিফাঞ্জ, এভিফিক্স, এভিলাম, ডিয়াভিক্স এবং টাইওভিক্স ট্যাবলেট উৎপাদন করছে। এগুলো মানুষের মধ্যে পরিচিত করে তুলতে দেশের এনজিওগুলোকে সম্পৃক্ত করাই এখন আমাদের লক্ষ্য বলে তিনি জানান।
‘বিশ্ব এইডস দিবস’ সফল করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী হাজার হাজার পোষ্টার বিতরণ করা হয়েছে।
এদিকে বেক্সিমকো ফার্মা তাদের প্রধান কার্যালয় থেকে একটি র্যালি বের করে যা প্রদর্শনীস্থলে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা এইডস বিরোধী শ্লোগান লিখিত টি - শার্ট পরে মিছিলে অংশ নেন।
এইডস দিবস পালন করতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও (এনজিও) বেক্সিমকো ফার্মা সহযোগিতা করেছে।
এ বছর এইডস দিবসের শ্লোগান হলো ‘এইডস প্রতিরোধে আমাদের অঙ্গীকার’।
