২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার ৩৬ ঘন্টা পরও চট্টগ্রামে কাউকে গ্রেপ্তার করা যায়নি, নিহতদের শেষকৃত্য সম্পন্ন

চট্টগ্রামে আদালতের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলার ৩৬ ঘন্টা পরও পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) মোশারফ হোসেন মিয়াজী হামলাকারীদের সন্ধানে মঙ্গলবার রাত ও বুধবার নগরীর একাধিক স্থানে ব্লক রেইড চালানোর দাবি করলেও কার্যত এসব অভিযান ব্যর্থ হয়।

 আত্মঘাতী হামলাকারী হোসেনকে আসামি করে পুলিশ কোতোয়ালী থানায়  মামলা দায়ের করলেও মূলত আহত পুলিশ সদস্যদের উন্নততর চিকিৎসার ব্যবস্থা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের চট্টগ্রাম সফর নিয়ে ব্যস্ত ছিল সিএমপি প্রশাসন। 

মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার পর বুধবার চট্টগ্রাম আদালত ভবনের পরিস্থিতি ছিল থমথমে।

যথারীতি সকাল থেকে আদালতে স্বাভাবিক কাজকর্ম চললেও বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে ছিল চাপা আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠা। উপস্থিতিও ছিল অনেক কম।

আত্মঘাতী হামলার প্রতিবাদে আইনজীবীরা সকালে বার লাইব্রেরি মিলনায়তনে জরুরি সভা শেষে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন কোর্ট প্রাঙ্গণে।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম বিডিনিউজকে বলেছেন, সভায় বার লাইব্রেরিতে সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

গত দু’মাসে চট্টগ্রামের আদালতে নজিরবিহীন দু’দফা হামলার প্রেক্ষাপটে আতঙ্কিত বিচারক ও আইনজীবীরা সকালে এক অনির্ধারিত বৈঠকে আদালত এলাকার নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

এদিকে হামলার প্রতিবাদে অওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করেছে।

হামলায় আহত ১৩ পুলিশ সদস্যের মধ্যে চিকিৎসার জন্যে শ্রীমান বড়–য়া ও প্রকাশ চন্দ্রকে মঙ্গলবার রাত এবং লিটনকে বুধবার সকালে ঢাকা পাঠানো হয়েছে।

আত্মঘাতী হামলায় নিহত শাহাবুদ্দীন ও পুলিশ কন্সটেবল রাজীব বড়–য়াকে মঙ্গলবার রাতে তাদের গ্রামের বাড়িতে দাফন ও সৎকার করা হয়।