২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় র‌্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের ক্রসফায়ারে বৃহস্পতিবার গভীর রাতে এক ডাকাত নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 12:46 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

নিহত ডাকাতের নাম আবদুল মোতালেব ওরফে মোতাইয়্যা।

র‌্যাব সূত্র জানায়, রাত ১টার দিকে চৌদ্দগ্রামের আসফালিয়া গ্রামের পশ্চিম ডেকারায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ডাকাতরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ২০ মিনিটব্যাপী বন্দুক যুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ডাকাত ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া তিন রাউন্ড কার্তুজসহ একটি বন্দুক ও দুটি এলজি উদ্ধার করে।

পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি কুমিল্লার কুখ্যাত ডাকাত ও হাইওয়ে ডাকাত দলের সর্দার মোতালেব ওরফে মোতাইয়্যার বলে সনাক্ত করে। কুমিল্লা পুলিশের উদ্ধৃতি দিয়ে র‌্যাব-৭ সূত্র জানায়, নিহত ডাকাতের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন থানায় দুটি খুন, দুটি ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

এ ঘটনায় র‌্যাব চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধা দানের পৃথক দুটি মামলা করেছে।