ভৈরবে জয় হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা
ভৈরব কেবি পাইলট হাইস্কুলের নবম শ্রেণীর বাণিজ্য বিভাগের মেধাবী ছাত্র জয় সাহা (১৪) হত্যার বিচার দাবিতে সর্বদলীয় সন্ত্রাস নির্মূল নাগরিক কমিটির ঘোষিত তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সকাল নয়টা থেকে ভৈরবের শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন এবং ব্যবসায়ী সম্প্রদায় দীর্ঘ পাঁচ কিলোমিটার মানব বন্ধন কর্মসূচি পালন করে। এ মানব বন্ধনে কয়েক হাজার লোক অংশ নেয়।
মানব বন্ধন শেষে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়।
পরে ভৈরব পৌরসভার চেয়ারম্যান ও নাগরিক কমিটির সভাপতি অ্যাড. ফখরুল আলম আক্কাছের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সর্বদলীয় নেতারা অবিলম্বে জয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। ভৈরব থানা পুলিশ ভৈরব বাজারের এক ডোবা থেকে জয়ের লাশ সোমবার সকালে উদ্ধার করে।
