গৌতম দাস হত্যা মামলায় আরও একজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী, সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে
ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় আরও একজন আসামি মঙ্গলবার প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
এদিকে ফরিদপুরের সাংবাদিকদের মোবাইল ফোন ও চিঠির মাধ্যমে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিচ্ছে। অন্যদিকে গৌতম হত্যার বিচারের দাবিতে বুধবার বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ--এর ব্যানারে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে।
মঙ্গলবার সন্ধ্যায় গৌতম হত্যা মামলার আসামি আবু তাহের মো. মতিউর এহসান এ্যাপেলো (২৮) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। সন্ধ্যা ৭টায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দীতে এ্যাপেলো জানিয়েছে, ঘাতকরা ১৬ নভেম্বর রাতে সমকাল বুরে্যা কার্যালয় সংলগ্ন হোটেল যমুনার ৮ নং কক্ষে রাত যাপন করে। তাদের নির্দেশ অনুযায়ী ভোরবেলায় হোটেল বয় তাদের ডেকে দেওয়ার পর তারা হোটেলের করিডোর দিয়ে সমকাল কার্যালয়ে ঢুকে। এ্যাপেলোকে গ্রেপ্তার করায় গৌতম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়ালো চারজনে।
এদিকে গৌতমের হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত সাংবাদিকদের কাউকে মোবাইল ফোনে আবার কাউকে ডাকযোগে পাঠানো চিঠিতে ‘বাড়াবাড়ি’ না করতে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দেওয়ার বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ অবস্থান ধর্মঘট কর্মমূচি পালন করবে। এছাড়া ২৭ নভেম্বর শহরের কেন্দ্রস্থল জনতা ব্যাংকের মোড়ে সকাল--সন্ধ্যা অনশন কর্মমূচি পালন করা হবে।
