নোয়াখালীতে পুলিশের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ২৬ পুলিশের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
নোয়াখালী আদালত সূত্র জানায়, ওই মামলার তদন্তকারী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জাফর উল্ল্যাহ রোববার পাঁচজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে তদন্ত কাজ শুরু করেন।
স্বাক্ষীরা হচ্ছে--মামলার বাদী আবু বক্কর ছিদ্দিক, দুলাল ভৌমিক, বলাই ভৌমিক, আব্দুস ছাত্তার ও মাহবুবুল হক।
বিচারক মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আগামী ৫ ডিসেম্বর। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট শংকর চন্দ্র ভৌমিক।
২০ অক্টোবর পুলিশের নির্বিচার গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ২৭ অক্টোবর নিহত আলাউদ্দিনের পিতা আবু বক্কর ছিদ্দিক বাদি হয়ে ওসি আইয়ুবসহ ২৬ পুলিশের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ভূঁইয়ার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর বিচারক ম্যাজিস্ট্রেট জাফর উল্ল্যাহকে মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
