লক্ষ্মীপুরে নিখোঁজ নববধূর কঙ্কাল উদ্ধার
লক্ষ্মীপুরে নিখোঁজ নববধূ রাশেদা বেগম (১৯) এর কঙ্কাল ২৭ দিন পর পুলিশ উদ্ধার করেছে।
সদর উপজেলার কালিরচর গ্রামের গণি মিয়ার বাওড় ঘরের পুকুরের পার্শ্বে ধান ক্ষেত থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কঙ্কালে মাথার খুলিসহ হাড়গোড় এবং সালোয়ার ও ওড়না রয়েছে।
পুলিশের ধারণা, রাশেদাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
স্থানীয় লোকজন পচে যাওয়া লাশের হাড়গোড় টানাটানি করতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ শনিবার সন্ধ্যায় কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাশেদার ভাই উদ্ধারকৃত কঙ্কাল এবং জামা কাপড় দেখে সেটি রাশেদার কঙ্কাল বলে সনাক্ত করে।
এ ব্যাপারে তিনজনকে আসামি করে শনিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, চার মাস আগে জামাল হকের কন্যা রাশেদা বেগমের সাথে চর রমনীমোহন গ্রামের ইউসুফ আলীর পুত্র বাকপ্রতিবন্ধী চাঁদ মিয়ার বিয়ে হয়।
এ নিয়ে বনিবনা হচ্ছিল না।
বিশেষ করে রাশেদা স্বামীকে মেনে নিতে পারেনি।
এ সুযোগে প্রতিবেশি মাসুদ রাশেদার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।
এক পর্যায়ে রোজার মাসের ১৯ তারিখ রাশেদা বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়।
দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে তার লাশ লুকিয়ে রাখে বলে পুলিশ ধারণা করছে।
