আরটিভি'র সম্প্রচার শুরু ২৬ ডিসেম্বর
দেশের চতুর্থ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি আগামী ২৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করবে। তবে দর্শকরা ১ ডিসেম্বর থেকেই এর পরীক্ষামূলক অনুষ্ঠানমালা দেখতে পারবেন।
নগরীতে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চ্যানেলটির স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী এমপি এ ঘোষণা দেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ২৬ ডিসেম্বর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে চ্যানেলটির সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।
মোসাদ্দেক আলী বলেন, শুরু থেকেই ২৪ ঘন্টাব্যপী অনুষ্ঠান সম্প্রচারকারী দেশের প্রথম বেসরকারি চ্যানেল হবে এটি।
তিনি বলেন, ‘আজ ও আগামীকালের’ স্লোগান নিয়ে প্রচারিতব্য আরটিভি’র মূল আকর্ষণ হবে এর সংবাদ। তবে এক্ষেত্রে কারো পক্ষে বা বিপক্ষে চ্যানেলটি অবস্থান নেবে না বলে তিনি জনান।
ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন বিএনপির সাংসদ মোসাদ্দেক আলী বলেন, সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজার রাখার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর।
রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আরটিভি’র লাইসেন্স পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দেশের একজন নাগরিক হিসেবে ২০০২ সালে লাইসেন্সের জন্যে আবেদন করি। পরে এ আবেদন বিবেচনা করে সরকার আমাকে লাইসেন্স প্রদান করেছে।
স্যাটেলাইট টেলিভিশন হিসেবে একুশে টিভির আবেদনের ব্যাপারে তিনি বলেন, যারা আবেদন করেছেন, তাদের মধ্যে যারা যোগ্য, আশা করি তারা লাইসেন্স পাবেন।
এক প্রশ্নের জবাবে তিনি সকল স্যাটেলাইট চ্যানেল যাতে টেরিস্ট্রিয়াল সুবিধা পায় সে ব্যাপারটি নিয়ে লেখার জন্যে সাংবাদিকদের অনুরোধ জানান।
বর্তমানে মোসাদ্দেক আলী এমপির মালিকানায় স্যাটেলাইট চ্যানেল এনটিভি চালু রয়েছে। কেন দ্বিতীয় চ্যানেল চালু করতে যাচ্ছেন, এ প্রশ্ন করা হলে তিনি বলেন, এনটিভির মাধ্যমে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করি এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে যাচ্ছি। আমরা আমাদের মাঝেই প্রতিযোগিতা আনতে চাই।
তবে তিনি এবং এনায়েতুর রহমান ছাড়া আরটিভি’র সাংবাদিক ও উদ্যোক্তা এনটিভি থেকে আলাদা বলে জানান মোসাদ্দেক আলী।
অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আরটিভি ছবির উচ্চ মান বজায় রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। নগরীর কারওয়ান বাজারে এর সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এটিই চ্যানেলটির প্রধান কার্যালয়। ইতোমধ্যেই বেশিরভাগ যন্ত্রপাতি স্থাপন করা হয়ে গেছে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে আরটিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান বিজ্ঞাপণ বাজার অনেক চ্যানেল দখল করে নিতে পারে অনেকে এমন আশংকা করছেন। কিন্তু যারা মান ও নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন, তারা অবশ্যই টিকে থাকবেন।
আরটিভি’র পরিচালক এনায়েতুর রহমান, লুৎফর রহমান, লোকমান হোসেন ও মেসবাউদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বার্তা বিভাগের প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, অনুষ্ঠান বিভাগের প্রধান খম হারুন এবং সমন্বয়কারী কাওসার চৌধুরী।
