রাজধানীতে নাভানা ফার্মাসিউটিক্যালস কর্মকর্তা গুলিতে আহত, সন্ত্রাসীরা কুপিয়েছে এক ব্যবসায়ীকে
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শনিবার সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হয়েছেন নাভানা ফার্মাসিউটিক্যালসের ডেপুটি সেলস ম্যানেজার। এছাড়া সুত্রাপুর থানায় এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
ইসলাম গ্রপের অঙ্গ প্রতিষ্ঠানটির আহত ডেপুটি সেলস ম্যানেজার এজিএম আশরাফ (৪৫) এবং ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান খোকন হাওলাদার (৪৬) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্র জানায়, আশরাফের পেট ও মাথা থেকে গুলি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আশরাফ সকালে তার নিজ বাসভবন ৪৪ বাবর রোড় থেকে গাড়ি চালিয়ে পুরানা পল্টনস্থ অফিসে যাবার পথে সন্ত্রাসীরা তার পথরোধ করে।
হাসপাতালের বিছানায় শুয়ে আশরাফ বলেন, ‘তিনজন অপরিচিত যুবক আমার গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়ে। আমি সাথে সাথে গাড়ি থামাই। এসময় যুবকরা আমাকে গুলি করে রাস্তা দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়’।
মোহাম্মদপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলার কোন কারণ জানাতে পারেনি এবং এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভাব হয়নি।
অপরদিকে, সুত্রাপুর থানার ৫ নং ফরিদাবাদ এলাকার আহত ব্যবসায়ী খোকন হাওলাদার জানান, ৫০ হাজার টাকা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করেছে।
তিনি বলেন, সকাল সাড়ে দশটায় আমি যখন মার্কেটের কাছাকাছি যাই, তখন মিলন গ্রুপের কামরুল, লিয়াকত এবং নাজিমসহ কমপক্ষে ছয়জন সন্ত্রাসী আমাকে এলোপাথারি কুপিয়েছে।
