বিভিন্নস্থানে বিচারক ও প্রশাসন কমকর্তাদের হত্যার হুমকি
ঝালকাঠিতে সোমবার বোমা হামলায় দুই বিচারক নিহত হওয়ার পর জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) আবারও দেশের বিভিন্নস্থানে আদালতের বিচারকদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে।
এছাড়া বিভিন্নস্থানে প্রশাসনিক কর্মকর্তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতারা হামলার তারিখও উল্লেখ করেছে।
খুলনা, পাবনা ও রাজশাহীতে বিচারক এবং ভোলায় প্রশাসন কর্মকর্তাদের এসব হুমকি দেওয়া হয়।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুস সামাদকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দেওয়া হয়।
আব্দুস সামাদ নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক নিরাপত্তার জন্যে বুধবার থেকে চার পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে কোনও বিশেষ গানম্যান দেওয়া হয়নি।
চিঠিতে মানবরচিত আইন বর্জন করে আল্লাহর আইনে বিচার কাজ পরিচালনা করতে বলা হয়।
বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, পাবনায় বিচারককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় আদালত অঙ্গনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাবনা জজ কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বাংলা ভাই, জেএমবি, জনযুদ্ধ এবং আল কায়েদার নাম উল্লেখ করে পাঠানো এ চিঠিতে যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত জজ শরিফ মোস্তফা করিমকে হত্যার হুমকি দেওয়া হয়। শরিফ মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যপারে যোগাযোগ করা হলে পাবনার পুলিশ সুপার এম খুরশিদ হোসেন জানান, পাবনা জজ আদালত ও ডিসি অফিসসহ গুরুত্বপূর্ণ স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, বুধবার রাজশাহীর দুই বিচারককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধ ঘোষিত জেএমবি। রাজশাহী মহানগর পুলিশ সূত্র জানায়, সিনিয়র সহকারী জজ আহসান তারেক ও সহকারী জজ এনায়েত কবীরকে ডাকযোগে এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে তাদের আগামী ১৫ দিনের মধ্যে চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের হত্যা করা হবে হুমকি দেওয়া হয়। চিঠি পাওয়ার পর বিচারকরা রাজশাহী মহানগর পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় বিচারকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং আদালত প্রাঙ্গণে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, বুধবার সদর উপজেলার থানা নির্বাহী কর্মকর্তা সত্যেন্দ্র কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) আনন্দকুমার বিশ্বাসকে টেলিফোনে অজ্ঞাত কন্ঠে বোমা হামালার হুমকি দেয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে তাদের ওপর হামলা করা হবে উল্লেখ করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় ভোলা থানায় দু’টি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে ওই দুই অফিসে এখনও পুলিশ দেওয়া হয়নি।
