খুলনায় র্যাবের গুলিতে ২ যুবলীগ নেতা আহত
খুলনায় মঙ্গলবার সকালে র্যাবের গুলিতে দুই যুবলীগ নেতা আহত হয়েছে।
আহতরা হচ্ছে জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল এবং প্রচার সম্পাদক বাবুল মজুমদার।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আহতদের খালিশপুর র্যাব অফিসে নেয়া হয়েছে।
সূত্র জানায়, সকাল সোয়া ১১টার দিকে সাদা পোষাকধারী র্যাব যুবলীগ নেতাদের ধাওয়া করে। তারা ধাওয়া খেয়ে খান-ই-সবুর রোডে আওয়ামী লীগ অফিসের কাছে অনিক টেলিকম অফিসে আশ্রয় নেয়।
এসময় র্যাব তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা আহত হয়। আহতাবস্থায় র্যাব সদস্যরা তাদেরকে ওই অফিস থেকে টেনে হিঁচড়ে বের করে চোখ বেঁধে খালিশপুর র্যাব অফিসে নিয়ে যায়।
পুলিশ জানায়, ওই দুই যুবলীগ নেতা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
